মালতীকে নিয়ে উদ্বেগে ছিলেন প্রিয়ঙ্কা-নিক! ছবি: সংগৃহীত।
দেখতে দেখতে মালতী মেরির বয়স চার হয়ে গিয়েছে। প্রায়ই খুদের নানা মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস। মালতী তারকাদম্পতির সারোগেট সন্তান। ‘প্রিম্যাচিয়োর’ জন্মের সময়ে একরত্তির ঠিক কী অবস্থা হয়েছিল, তা মনে করতেই এক সাক্ষাৎকারে আবেগপ্রবণ হয়ে পড়েন নিক।
২০২২-এর জানুয়ারি মাসে মালতীর জন্ম। সেই সময়টা মনে করে নিক বলেন, “খুব কঠিন অবস্থার মধ্যে ও এই পৃথিবীতে এসেছিল। আমরা ভেবেছিলাম, ওর জন্ম হবে এপ্রিলে। তার পরেই আমার কাছে ফোন আসে। জানানো হয় যে, খুব তাড়াতাড়ি শিশু ভূমিষ্ঠ হবে।”
জন্মের পরে সারা শরীর বেগনি রঙের ছিল মালতীর। নিকের কথায়, “ওর জন্মের পরে আমরা তৎপর হয়ে উঠি। সারোগেসির মাধ্যমে জন্ম ওর। হাসপাতালে গিয়ে দেখি ও ভূমিষ্ঠ হয়েছে। মাত্র ৭৬৬ গ্রাম ওজন ছিল ওর। সারা শরীর বেগনি রঙের ছিল।” তার পরে ১০০ দিন ‘ইন্টেনসিভ কেয়ার ইউনিট’-এ ছিল একরত্তি। কন্যার কথা বলতে গিয়ে গলা ধরে আসে আমেরিকান পপ তারকার। তিনি জানান, সেই সময়ে করোনা অতিমারির আবহ। তাই পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। মেয়ের জন্য বেশ উদ্বিগ্ন থাকতেন তাঁরা। পপ তারকার কথায়, “আমি আর আমার স্ত্রী টানা তিন মাস হাসপাতালে ১২ ঘণ্টা ভাগাভাগি করে থাকতাম। সেই হাসপাতালের গন্ধ আজও আমার নাকে রয়ে গিয়েছে।”
২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে মালতীর কথা প্রথম প্রকাশ্যে আনেন প্রিয়ঙ্কা। একরত্তির মুখ ইতিমধ্যেই নেটাগরিক দেখেছেন। তবে প্রিয়ঙ্কা-নিক তাঁদের কন্যার মুখ এখনও ঢেকেই রাখেন।