Ali Zafar

আলি জ়াফরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছিলেন অভিনেত্রী! এ বার কী রায় দিল লাহৌর আদালত?

জনপ্রিয় অভিনেতা আলি জ়াফর বলিউডেও অনেক ছবিতে অভিনয় করেছেন। তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন কেউ কেউ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২০:০৭
Share:

আলি জ়াফরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। কী রায় দিল আদালত? ছবি: সংগৃহীত।

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আলি জ়াফর। বলিউডেও অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি। আলিয়া ভট্টের বিপরীতে ‘ডিয়ার জ়িন্দগী’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। আলির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন পাক গায়িকা মিশা সফি। তার পরেই মিশার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন আলি। এই প্রেক্ষিতে কী জানিয়েছে লাহৌর আদালত?

Advertisement

আদালত সূত্রে খবর, পাকিস্তানি মুদ্রায় ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে মিশাকে। ২০১৮ সালে যখন অভিনেতার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন মিশা, তখনই পাল্টা কড়া পদক্ষেপ করেন আলি। সেই সময়ে এই ঘটনা নিয়ে খুবই আলোচনা হয়েছিল। লাহৌর আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী দিনে মিশা যেন আলির বিরুদ্ধে গণমাধ্যমে পরোক্ষ ভাবে বা প্রত্যক্ষ ভাবে কোনও ধরনের মন্তব্য না করেন।

যদিও সে সময় মিশাকে অনেকেই সমর্থন করেছিলেন। মিশার সমর্থনে প্রথম মুখ খুলেছিলেন ওসমান খালিদ বাট। তার পর পাকিস্তানি সাংবাদিক মাহাম জাভেদ জানান, তাঁর এক আত্মীয়কে জোর করে চুম্বন করতে চেয়েছিলেন আলি। এখনও পর্যন্ত সব মিলিয়ে মোট ৯ জন মহিলা আলির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। এই তালিকার শেষ সংযোজন পাকিস্তানি মেকআপ শিল্পী লীলা ঘানি। তিনিও আলির বিরুদ্ধে একই অভিযোগ আনেন। সোশ্যাল মিডিয়ায় লীলা একের পর এক পোস্ট করেন আলির বিরুদ্ধে। আলি তাঁকে বার বারই কুপ্রস্তাব দিয়েছেন, তাঁর সঙ্গে অভব্য আচরণ করেছেন, অভিযোগ লীলার। যদিও সব অভিযোগই অস্বীকার করেন আলি। তিনি জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement