রাম চরণ। ছবি: সংগৃহীত।
রাম চরণ, জাহ্নবী কপূর অভিনীত ‘পিদ্দী’ ছবি সদ্য মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই এই ছবিতে জাহ্নবীর চরিত্র নিয়ে তুমুল আলোচনা বিভিন্ন মহলে। ছবিতে নাকি তাঁর চরিত্রটি শরীরসর্বস্ব! একের পর এক অভিযোগের মাঝেই এক অনুরাগীর সঙ্গে অভিনেত্রীর কথোপকথনের অংশও ফাঁস হয়েছে। যদিও সে ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। এত কিছুর মাঝে নীরব রাম চরণ। হঠাৎ কী ঘটল অভিনেতার সঙ্গে?
৭ জুন হায়দরাবাদের এক মাল্টিপ্লেক্সে অনুরাগীদের সঙ্গে নিজের ছবি দেখতে যান রাম চরণ। সেখানে তাঁকে দেখতে উপচে পড়ে ভিড়। কেউ কেউ আবার তাঁকে একবার ছুঁয়ে দেখার জন্য চিৎকার শুরু করেন। অভিনেতার ছবির ঝলকমুক্তি অনুষ্ঠানে এক অনুরাগী তাঁর পা ছুয়ে প্রণাম করতে যেতেই এক ধাক্কায় সেই অনুরাগীকে সরিয়ে দিয়েছিলেন তাঁর দেহরক্ষী। এ বার এক মহিলা একেবারে কাছে চলে এলেন রাম চরণের। তিনি নাকি একবার ছুঁয়ে দেখতে চান স্বপ্নের অভিনেতাকে। কিন্তু দেহরক্ষীদের কারণে কিছুতেই অভিনেতার দিকে ঘেঁষতে পারছিলেন না। তার পরে হঠাৎই রাম চরণের দিকে দৌড়োতে শুরু করেন। তাতেই খানিক অপ্রস্তুত হয়ে পড়েন অভিনেতা। যদিও সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামলে নেন রাম চরণ। নিজেকে সামলে মহিলার গালে স্নেহের পরশ ছুঁইয়ে দেন। এর কয়েক সেকেন্ডের মধ্যেই ওই অনুরাগীকেও ঠেলে সরিয়ে দেন দেহরক্ষীরা। তবে অনুরাগীর এমন কাণ্ডের পরেও রাম চরণের প্রতিক্রিয়া মন ছুঁয়েছে নেটাগরিকদের।