বিজয়-রশ্মিকার প্রীতিভোজে কী কী চমক থাকবে? ছবি: সংগৃহীত।
রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা বিয়ে সেরেছেন। বিয়ের পরে তাঁদের উপস্থিতি দেখে মুগ্ধ অনুরাগী। মন্দিরে মন্দিরে গিয়ে মিষ্টি বিতরণ করেছেন নবদম্পতি। এ বার তাঁদের প্রীতিভোজের পালা। হায়দরাবাদে বসবে প্রীতিভোজের আসর। সেখানে কী কী ব্যবস্থা থাকবে?
৪ মার্চ বিজয় ও রশ্মিকার প্রীতিভোজের আসর বসবে। উদয়পুরে বিয়ের আসরে ছিল কড়া নিরাপত্তা। বিয়ের অন্দরমহলে প্রবেশ করতে পারেননি কোনও ছবিশিকারি। নিজেদের বিয়ের ছবি নিজেরাই প্রথম প্রকাশ করেন তাঁরা। প্রীতিভোজেও থাকবে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা। আমন্ত্রণ ছাড়া আসরে প্রবেশ করা যাবে না। নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু নিয়ম রাখা হয়েছে, যেগুলি অতিথিদের মেনে চলার অনুরোধ জানিয়েছেন রশ্মিকা ও বিজয়।
প্রথমে শোনা যাচ্ছিল, তেলুগু, হিন্দি, তামিল, মলয়ালম ও কন্নড় ছবির জগতের মানুষই মূলত এই প্রীতিভোজে নিমন্ত্রিত। রাজনীতির জগতের মানুষও রয়েছেন অতিথি তালিকায়। তবে তারকাদম্পতি অতিথি তালিকা এখনও প্রকাশ্যে আনেননি। অতিথি তালিকা তাঁরা গোপনই রাখছেন। হায়দরাবাদের ট্রাফিক পরিষেবার দিকেও সেই দিন বিশেষ নজর রাখছে প্রশাসন। স্বাভাবিকের তুলনায় ৪ তারিখ রাস্তাঘাটে অতিরিক্ত ভিড় হবে বলেই শোনা যাচ্ছে।
উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে বিয়ে করেন রশ্মিকা ও বিজয়। তাঁদের বিয়ের ছবি ইতিমধ্যেই নজির গড়েছে। তারকাদের বিয়ের ছবিতে অসংখ্য লাইক পড়ে। তবে বিজয়-রশ্মিকার বিয়ের ছবিতে সেই লাইকের সংখ্যা বাকিদের ছাপিয়ে গিয়েছে। বিয়ের ঠিক পরেই রশ্মিকা ও বিজয় জানান, দেশের বিভিন্ন রাজ্যের মন্দিরে মন্দিরে গিয়ে তাঁরা মিষ্টি বিতরণ করবেন। সেই কাজেই এই মুহূর্তে ব্যস্ত তারকাদম্পতি।