Susmita Opens On Bangadesh

অগ্নিগর্ভ বাংলাদেশে আমার গায়ে আঁচড় পড়তে দেননি কেউ! কাজের অভিজ্ঞতা জানালেন সুস্মিতা

নায়িকা শুনেছেন, ও পার বাংলার নির্বাচন শান্তিপূর্ণ। নির্বাচনের ফলাফলে সবাই খুশি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৭
Share:

সুস্মিতা চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক।

এখনও দুটো গানের দৃশ্যের শুট বাকি। ডাবিংয়ের কাজ শুরুই হয়নি। কেবল শ্রীলঙ্কার শুটিংয়ের কাজ শেষ হয়েছে। সাময়িক বিরতি পেয়েছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ ছবির নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়।

Advertisement

ছবি নিয়ে, কলকাতার নায়িকার সঙ্গে কাজ নিয়ে এর আগে আনন্দবাজার ডট কম-এর সঙ্গে দীর্ঘ আড্ডা দিয়েছেন পরিচালক হৃদয়, ছবির নায়ক সিয়াম আহমেদ। প্রেম দিবসের সন্ধ্যায় সুস্মিতা অনর্গল। শুরুতেই রসিকতা, “কী ভয়ঙ্কর ভাবে ‘সিঙ্গল’ হলে তবে প্রেম দিবসে মানুষ সাক্ষাৎকার দেয়!” কথা ফুরোতে নিজেই হেসে সারা।

জিৎ বেশি সুপুরুষ না সিয়াম আহমেদ? এ বার দুষ্টু জবাব দিলেন নায়িকা, “হৃতিক রোশন!” ফের অট্টহাসি। সুস্মিতা বললেন, “দুই নায়ক দু’রকম। তাঁদের পুরুষালি সৌন্দর্যও তা-ই দু’ধারার।” তার পরে অকপটে স্বীকারোক্তি, জিৎ পরিণত। সেই জৌলুস তাঁর সৌন্দর্যে ধরা পড়ে। ফলে, যে কোনও নারী জিতের প্রতি আকৃষ্ট বেশি। তবে সিয়ামও খুব ‘মিষ্টি’, দাবি তাঁর। প্রথম ছবিতেই নায়কের সঙ্গে পর্দায় চুটিয়ে প্রেম করেছেন, বাস্তবে বন্ধুত্ব!

Advertisement

শ্রীলঙ্কায় শুটিংয়ের ফাঁকে সুস্মিতা চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক।

সুস্মিতা তখন বাংলাদেশে। সময়টা গত ডিসেম্বর। ‘রাক্ষস’ ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়। তার অল্প দিন পরেই ছবির শুটিং শুরু। দিন ছয়েক শুটিং হওয়ার পরেই আচমকা সে দেশের ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর ঘটনা ঘটে। তাণ্ডব শুরু ও পার বাংলায়। এ পারে টলিউড শঙ্কিত, অগ্নিগর্ভ পরিবেশে ‘ঘরের মেয়ে’ কেমন আছেন? তখন কথা বলতে পারেননি সুস্মিতা। এখন বললেন, “রাতারাতি একটি দেশকে বদলে যেতে দেখলাম। যদিও তাণ্ডবের আঁচ আমি বা আমরা তেমন পাইনি। তবে সাবধানতার কারণেই এর পর শুটিং বন্ধ হয়ে যায়। আমার গায়ে একটা আঁচড়ও কিন্তু লাগতে দেননি কেউ।”

সুস্মিতা বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ। খাওয়া, যত্নের কোনও ত্রুটি নেই। অতিথিকে ও পার বাংলার মানুষেরা মাথায় করে রাখেন। “প্রথম প্রথম ভাষা বুঝতে একটু সমস্যা হয়েছে। কারণ, আমি কাঠ ঘটি। তার উপরে শহুরে। কিন্তু, শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেলাম।” চিত্রনাট্য মেনে তাঁকে বাঙাল ভাষা বলতে হয়েছে। “ওঁদের কয়েকটা ‘কমন’ কথা আছে। যেমন, অনেক মজা হয়েছে। কিংবা প্যারা দিবেন না। বলতে গিয়ে কত বার হেসে ফেলেছি”, ফের কণ্ঠস্বরে হাসির ছোঁয়া।

এর পরেই গোটা দল পাড়ি দিল শ্রীলঙ্কার উদ্দেশে। সেখানে নাওয়া-খাওয়া ভুলে শুটিং। ফাঁকে ফাঁকে আড্ডা, দেশ দেখা ছিলই। সুস্মিতা জানালেন, ছবির নায়ক সিয়াম তাঁদের গানের একটি দৃশ্যের ছবি দিনকয়েক আগে সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। সেই ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বাংলাদেশের দর্শক। ও পার বাংলায় তাঁর প্রথম কাজ কি এ পার বাংলা দেখতে পাবে? প্রশ্ন শুনে নায়িকার কণ্ঠস্বর যেন একটু বিমর্ষ। বললেন, “মনে হয় না দেখতে পাবেন। শুনেছি এ বছরে ইদে শুধুই বাংলাদেশে মুক্তি পাবে ‘রাক্ষস’।” পরক্ষণেই উৎফুল্ল তিনি। বললেন, “এর আগে জিৎ স্যরের সঙ্গে আমার অভিনীত ছবি ইদে মুক্তি পেয়েছে। এ বছর সিয়ামের বিপরীতে আমি। ‘ইদ’ কমন ফ্যাক্টর।”

জানা গিয়েছে, পরিচালক হৃদয়ের ছবি পুরোপুরি প্রেমের এবং বিনোদনধর্মী। প্রেম, অ্যাকশন, আবেগে ভরপুর। সুস্মিতাকে কেমন ভাবে দেখানো হবে? নায়িকার কথায়, “তা হলে গল্প বলে দিতে হয়!” একটু থেমে যোগ করেছেন, “পোস্টারে দেখেছেন, নায়কের ঠোঁটে গোলাপ। তার মানেই গল্পে প্রেম আছে। আমার চরিত্রেরও প্রচুর স্তর আছে। অভিনয় করে তৃপ্তি পেয়েছি।”

সূর্যস্নাতা সুস্মিতা চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক।

নায়িকা যেমন সমান্তরাল ছবিতে অভিনয় করেছেন, তেমনই বিনোদনধর্মী ছবিতে হাতেখড়ি জিতের বিপরীতে। জিৎ তাঁকে অভিনয়ের বেশি সুযোগ দিয়েছেন না পরিচালক হৃদয়? “খুব কঠিন প্রশ্ন”, বললেন সুস্মিতা। জানালেন, ছবির চিত্রনাট্য চরিত্রের গুরুত্ব নির্ধারণ করে। সেই দিক থেকে দেখতে গেলে দুই বাংলাই প্রায় সমান সুযোগ দিয়েছে তাঁকে। সদ্য নির্বাচন শেষ হয়েছে ও পার বাংলায়। সুস্মিতার কানে এসেছে, নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনের ফলাফলে খুশি বাংলাদেশের মানুষ। পড়শি দেশের কাছ থেকে কী আশা করেন তিনি? নায়িকার আবেদন, “আবার দুই দেশের আদানপ্রদান আগের মতো অবাধ হোক। মাঝে তো একটা কাঁটাতারের বেড়া। আগামী দিনে এই বেড়া যেন আর কখনওই গুরুত্বপূর্ণ না হয়ে ওঠে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement