বিকেল বা সন্ধ্যায় যোগাব্যায়াম করতে হলে কী কী আসন অভ্যাস করা ভাল? ছবি: ফ্রিপিক।
যোগাসন দিনের যে কোনও সময়েই করা যায়। ভোরে ঘুম থেকে উঠতে না পারলে বা সকালের হুড়োহুড়িতে সময় না হলে, বিকেল বা সন্ধ্যাতেও যোগব্যায়াম অভ্যাস করা যায়। তবে দিনের শেষে ব্যায়ম করতে হলে কিছু নিয়ম মানতে হবে। সকালে খালি পেটে যোগাসন করা সবচেয়ে ভাল হলেও অনেকের পক্ষেই তা সম্ভব হয় না। তাই বিকেল বা সন্ধ্যার দিকে আসন অভ্যাস করতে হলে হালকা খাবার খাওয়াই ভাল। অফিস থেকে ফিরে যাঁরা যোগব্যায়াম করবেন বলে ভাবছেন, তাঁদের অবশ্যই খাওয়াদাওয়ার দিকটাও দেখতে হবে। যোগাসনের আগে এমন খাবার খাওয়া উচিত যা সহজে হজম হবে ও পেশির শক্তি জোগাবে। যোগাসনের অন্তত ১ থেকে ২ ঘণ্টা আগে এক মুঠো ভেজানো কাঠবাদাম বা কিশমিশ খেলে উপকার হবে। ঘরে পাতা টক দইয়ের সঙ্গে ফল ও ১ চামচ পিনাট বাটার মিশিয়ে খেতে পারেন। তবে বেশি খেয়ে ব্যায়াম না করাই ভাল।
কোন কোন আসন বিকেল বা সন্ধ্যাতে করতে পারেন?
বদ্ধকোণাসন
প্রথমে কোমর-পিঠ টান টান করে মাটিতে বা ম্যাটের উপর বসুন। এ বার দুই হাঁটু ভাঁজ করে যোনির কাছে টেনে আনুন। পায়ের পাতা মুখোমুখি প্রণামের ভঙ্গিতে রাখুন। হাত দিয়ে টেনে ধরে রাখতে হবে। এ বার লম্বা শ্বাস নিয়ে কোমরের পেশি থেকে টেনে সামনের দিকে ঝুঁকতে থাকুন। পেট মুড়ে মাথা দিয়ে মাটি স্পর্শ করুন। খেয়াল রাখতে হবে, কোনও ভাবেই যেন মেরুদণ্ড ভাঁজ হয়ে বেঁকে না যায়। এই অবস্থায় থাকুন মিনিট দুয়েক। তার পর আবার আগের অবস্থানে ফিরে যান।
বৃশ্চিকাসন
ম্যাটের উপর উপুড় হয়ে শুয়ে পড়ুন। দুই হাত দু’পাশে থাকবে। কনুই ভেঙে দুই হাতের তালু মাটিতে রাখুন। গভীর ভাবে শ্বাস নিন। শ্বাস ছাড়তে ছাড়তে কোমর ও পা মাটি থেকে উপরে তুলুন। গোটা শরীরের ভার থাকবে দুই হাতের উপরে। এ বার হাঁটু বাঁকিয়ে পায়ের পাতা পিছনে করে পিঠের দিকে নামিয়ে আনুন। এই ভঙ্গিতে ২০ সেকেন্ড থাকার চেষ্টা করুন। তার পর আগের অবস্থানে ফিরে আসুন।
দণ্ডাসন
পিঠ সোজা করে মেঝেতে বসুন এবং পা সামনের দিকে ছড়িয়ে দিন। হাতের তালু নিতম্বের পাশে মেঝেতে রাখুন। হাতের তালু মেঝেতে রেখেই হাত ও মেরুদণ্ড লম্বা এবং সোজা করতে থাকুন, সোজা রাখুন ঘাড় ও মাথা৷ দেহ টানটান রেখে স্বাভাবিক ভাবে শ্বাস নিন এবং এই ভঙ্গিতে প্রায় ২০ থেকে ৩০ সেকেন্ড থাকুন।