Yoga Diet

খালি পেটে না খাবার খেয়ে যোগাসন করবেন? কখন ও কতটা খেলে উপকার হবে? ওজন কমাতে মানতে হবে নিয়ম

যোগাসন করলেই লাভ হবে না। সেই সঙ্গে খাওয়াদাওয়ায় নিয়মও মানতে হবে। যোগাসন করার আগে খাওয়া উচিত না পরে? কখন খাবেন ও কী কী খেলে উপকার হবে, তা জেনে রাখা জরুরি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৭:০৬
Share:

যোগাসনের আগে ও পরে কী কী খেলে উপকার হবে বেশি? ছবি: এআই সহায়তায় প্রণীত।

জিমে গিয়ে ভারী ওজন তুলে ব্যায়াম বা কার্ডিয়ো করার ধকল না নিয়ে এখন অনেকেই বাড়িতে হালকা যোগাসনই বেছে নিচ্ছেন। এতে ওজন কমবে নিয়ম মেনে এবং স্বাস্থ্যকর উপায়ে। যোগাসন করলে পেশির স্ট্রেচিং হয়, এর জন্য আলাদা করে স্ট্রেচিং করারও প্রয়োজন হয় না। তাই যোগাসন এখন অনেকেরই পছন্দ। তবে যোগব্যায়াম করারও নিয়ম আছে। এর সুফল পেতে হলে সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি। খালি পেটে যোগাসন করা সবচেয়ে ভাল হলেও অনেকের পক্ষেই তা সম্ভব হয় না। তাই ব্যায়ামের আগে ও পরে কী খাবেন এবং কখন খাবেন, তা জেনে রাখা জরুরি।

Advertisement

যোগাসনের আগে কী খাবেন?

যোগাসনের আগে এমন খাবার খাওয়া উচিত যা সহজে হজম হবে ও পেশির শক্তি জোগাবে। যোগাসনের অন্তত ১ থেকে ২ ঘণ্টা আগে এক মুঠো ভেজানো কাঠবাদাম বা কিশমিশ খেলে উপকার হবে।

Advertisement

ঘরে পাতা টক দইয়ের সঙ্গে ফল ও ১ চামচ পিনাট বাটার মিশিয়ে খেতে পারেন।

শরীরে সইলে ডার্ক চকলেট, ব্ল্যাক কফি খেতে পারেন। এতে অতিরিক্ত এনার্জি পাওয়া যাবে।

Advertisement

ছাতুর শরবতও খাওয়া যেতে পারে। এটি পুষ্টিকর এবং ফাইবার ও প্রোটিনের জোগানও দেবে।

অনেকেই সারা দিনের কাজ শেষে সন্ধ্যায় বা বিকেলে যোগাসন করেন। সে ক্ষেত্রে ব্যায়াম শুরুর ২ ঘণ্টা আগে খাওয়া শেষ করতে হবে। হালকা কিছু খেতে হলে সব্জি সেদ্ধ ও নানা রকম বাদাম খেতে পারেন। ড্রাই ফ্রুটস খেলেও ক্ষতি নেই।

যোগাসনের অন্তত ৩০-৪৫ মিনিট আগে জল পান করে নিন। ব্যায়াম করার আগেই জল পান করবেন না বা কোনও তরল খাবার খাবেন না।

যোগাসনের পরে কী কী খাবেন?

যোগাসন শেষ করার ৩০ থেকে ৪৫ মিনিট পর খাবার খাওয়া সবচেয়ে ভাল। এই সময়ে শরীরের বিপাক হার বেশি থাকে, তাই খাবার দ্রুত হজম হয়ে যাবে।

ওজন কমাতে এবং পেশি মজবুত করতে যোগাসনের পর প্রোটিন অপরিহার্য। সেদ্ধ ডিমের সাদা অংশ, পনির বা ছানা খেতে পারেন।

যোগাসনের সময় শরীর থেকে যে খনিজ লবণ বেরিয়ে যায়, তা পূরণ করতে এক গ্লাস ডাবের জল বা লেবুর জল অত্যন্ত কার্যকরী হতে পারে।

ওজন তাড়াতাড়ি কমাতে চাইলে নানা রকম মরসুমি সব্জি দিয়ে স্যুপ বা গাজর, শসা, টম্যাটো এবং অঙ্কুরিত মুগ ডাল দিয়ে স্যালাড বানিয়ে খেতে পারেন।

যদি সকালে যোগাসন করেন, তবে পরে জলখাবার হিসেবে ওট্‌স বা ডালিয়া খেতে পারেন। এতে থাকা ফাইবার ওজন কমাতে সাহায্য করবে।

কিনোয়া, বেসনের চিল্লা, পালংশাক, বিট বা মাল্টিগ্রেন আটার রুটি খাওয়া যেতে পারে। সঙ্গে রাখুন সব্জি, চিকেন, মাছ বা ডিম। নিরামিষ খেতে চাইলে মাশরুম বা পনির খেতে পারেন। তবে সয়াবিন খাবেন না।

ঘরোয়া খাবারের মধ্যে চিঁড়ের পোলাও, সুজি খেতে পারেন। তবে মুড়ি না খাওয়াই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement