Mustard Leaves Recipes

বসন্তের সংক্রামক অসুখবিসুখ থেকে বাঁচতে খুবই উপকারী সর্ষে শাক, কী ভাবে খেলে পুষ্টি মিলবে?

শুধু অবাঙালি নয়, বাঙালি হেঁশেলেও বেশ জনপ্রিয় সর্ষে শাক। শীতের শেষ ও বসন্তের আগমনের এই সন্ধিক্ষণে নানা সংক্রামক অসুখবিসুখ বেড়ে যায়। এর থেকে বাঁচতে খুবই উপকারী সর্ষে শাক। নানা ভিটামিন ও খনিজ সমৃদ্ধ শাকটি সঠিক ভাবে রান্না করে খেলে উপকার পাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৯
Share:

সর্ষে শাক কী ভাবে খেলে উপকার হবে? ছবি: ফ্রিপিক।

পঞ্জাবিদের জনপ্রিয় খাবার ‘সরসোঁ দা শাগ’। তবে বাঙালি হেঁশেলেও সর্ষে শাক এখন বেশ পছন্দেরই খাবার। এর কারণ হল এর স্বাদ ও পুষ্টিগুণ। শীতের শেষ ও বসন্তের আগমনের এই সন্ধিক্ষণে নানা সংক্রামক অসুখবিসুখ বেড়ে যায়। এর থেকে রেহাই পেতে এই সময়টাতে অনেকেই সজনে ফুল খান। তেমনই সর্ষে শাকেও রয়েছে নানা ভিটামিন ও খনিজ, যা জীবাণু সংক্রমণ দূর করতে পারে। তবে সর্ষে শাক খাওয়া মানে তা রেস্তরাঁর মতো খুব বেশি তেল-মশলা দিয়ে খেলে হবে না। রাঁধতে হবে স্বাস্থ্যকর উপায়ে।

Advertisement

সর্ষে শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এতে থাকা সালফার শরীর ডিটক্স করে, লিভারের স্বাস্থ্য ভাল রাখে। সর্ষে শাকে থাকা উচ্চমাত্রার ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং বিপাক প্রক্রিয়া আরও উন্নত করে।

সর্ষে শাক কী ভাবে খেলে উপকার পাবেন?

Advertisement

সর্ষে শাকের স্ট্যু

রান্নাটি করতে প্রয়োজন হবে কুচনো সর্ষে শাক, ছোট টুকরো করে কাটা গাজর, পেঁয়াজকলি, গোলমরিচ গুঁড়ো এবং লেবুর রস। তেল ছাড়াই রান্নাটি করা যায়। সর্ষে শাক কুচি ও বাকি সব্জি জলে সেদ্ধ করে নিন। জল খানিকটা শুকিয়ে এলে সামান্য মাখন ও অলিভ অয়েল মেশান। উপরে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিন।

সর্ষে শাকের ডাল

বিউলি বা মুগ ডাল হালকা নেড়ে ভাল করে সেদ্ধ করুন। সেদ্ধ করার সময়ে তাতে কুচনো সর্ষে শাক দিতে দিন। ডাল সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। এ বার প্যানে তেল গরম করে তাতে কাঁচালঙ্কা, আদাবাটা ও মৌরি ফোড়ন দিন। ডালে এই ফোড়ন দিয়ে সামান্য চিনি ও নুন দিয়ে নামিয়ে নিন।

সর্ষে শাক ও পনিরের স্ট্যু

২ কাপের মতো কুচনো সর্ষে শাক, ২০০ গ্রামের মতো পনির, ৪-৫ কোয়া রসুন, এক চামচ আদাকুচি, একটি মাঝারি পেঁয়াজ নিয়ে নিন। পনির ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে হালকা ভেজে নিন। তবে স্ট্যু-তে পনির না ভেজেও দিতে পারেন। সে ক্ষেত্রে পনিরের টুকরোগুলি গরম জলে সামান্য নুন দিয়ে ভিজিয়ে রাখুন। এ বার প্যানে তেল বা মাখন গরম করে তাতে পেঁয়াজ, আদা ও রসুনের কুচি দিয়ে ভাজুন। এ বার পরিষ্কার করে ধুয়ে রাখা সর্ষে শাকের কুচিগুলো দিয়ে দিন। সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করুন। শাক একটু মজে এলে এতে এক কাপের মতো জল দিন। তার পর পনিরের টুকরোগুলি দিয়ে ঢেকে রান্না করুন। নামানোর আগে সামান্য মাখন ও গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement