Blood Group and Diabetes

আপনার রক্তের গ্রুপ কী? জেনে রাখুন তার সঙ্গে ডায়াবিটিসের যোগ আছে কি না

রক্তের গ্রুপের সঙ্গেও ডায়াবিটিসের সম্পর্ক আছে। সাম্প্রতিক গবেষণা এমনই বলছে। রক্তের গ্রুপ যদি ‘ও’ হয়, তা হলে আপনি নিরাপদ, আর যদি ‘বি’ হয়, তা হলেই মুশকিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১০:৩১
Share:

কোন গ্রুপের রক্তে সুগার হওয়ার ঝুঁকি বেশি? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মিষ্টি খেলেই যে সুগার হবে, তা নয়। আপনার পাশে বসে যিনি গপাগপ মিষ্টি খেয়ে যান, তাঁর হয়তো সুগার নেই। অথচ আপনি স্বাস্থ্যকর খাবার খেয়েও ডায়াবিটিসের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে। কারণ কী? কেবল পরিবারে সুগারের ইতিহাস বা খাওয়াদাওয়াকে দোষ দিয়ে লাভ নেই। এর জন্য অনেকটাই দায়ী আপনার রক্ত। সহজ করে বললে, রক্তের গ্রুপ। প্রতিটি গ্রুপের আলাদা বৈশিষ্ট্য আছে। অসুখবিসুখের সঙ্গে সম্পর্কও আছে। কিছু নির্দিষ্ট রক্তের গ্রুপের লোকজনের সুগার হওয়ার ঝুঁকি বেশি। এমনই দাবি করা হয়েছে সাম্প্রতিক গবেষণায়।

Advertisement

রক্তের গ্রুপ ‘ও’ হলে কোনও ভয় নেই। কারণ, এই রক্তের গ্রুপে সুগার হওয়ার ঝুঁকি অনেকটাই কম। আবার রক্তের গ্রুপ ‘বি’ হলে মুশকিল। কারণ, এই গ্রুপের রক্ত হলে, টাইপ ২ ডায়াবিটিস হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। হার্ভার্ড মেডিক্যাল স্কুলের গবেষণায় এমনই দাবি করা হয়েছে।

হার্ভার্ডের গবেষকেরা যা জানিয়েছেন, তাতে ‘ও’ গ্রুপ ছাড়া বাকি তিনটি রক্তের গ্রুপ যেমন ‘এ’, ‘বি’ ও ‘এবি’ গ্রুপে ডায়াবিটিসের ঝুঁকি বেশি। বিশেষ করে রক্তের গ্রুপ ‘বি পজিটিভ’ হলে সুগার ধরতে পারে যে কোনও বয়সেই। এর কারণও রয়েছে। গবেষণায় দাবি করা হয়েছে, এই গ্রুপের রক্তে এক ধরনের প্রোটিন বেশি থাকে, যা বিপাকহার কমিয়ে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। তা ছাড়া এই গ্রুপের রক্ত হলে, গ্লুকোজ়ের জারণ সম্পন্ন হতে অনেক সময় লাগে। ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। সবটাই হয় বিপাকীয় ত্রুটির কারণে।

Advertisement

গবেষণাটির পুরোটাই সমীক্ষালব্ধ ফলাফল। বহু মানুষের উপরে বছরের পর বছর সমীক্ষা চালিয়ে এমন দাবি করা হয়েছে। তবে এর ব্যতিক্রমও হতে পারে। ‘ও’ গ্রুপের লোকজনের ডায়াবিটিস হবেই না, তা বলা যায় না। আবার ‘বি’ গ্রুপ হলেই যে সুগার হবে, তা না-ও হতে পারে। ডায়াবিটিস জীবনধারার সঙ্গে সম্পর্কিত অসুখ। এর সঙ্গে খাওয়াদাওয়া, জীবনযাপনের ধরনও জড়িত। তাই রক্তের গ্রুপ যা-ই হোক না কেন, রোজের খাবার মেপেই খেতে হবে। নেশার মাত্রা কমাতে হবে এবং প্রক্রিয়াজাত খাবার থেকে দূরে থাকতে হবে। এমন নিয়ম মেনে চললে ডায়াবিটিসের মতো নাছোড়বান্দা ব্যাধি ধারকাছে ঘেঁষবে না।

এখন তো আবার রক্তের গ্রুপ অনুযায়ী ডায়েটও চলে এসেছে। ‘ও’ গ্রুপ মানে হাই প্রোটিন ও লো কার্বহাইড্রেট ডায়েট করতে হবে, ‘এ’ গ্রুপের আবার রেড মিট বেশি খাওয়া মানা, সব্জি, ডাল, ফল বেশি করে খেতে হবে। ‘বি’ গ্রুপের ক্ষেত্রে দুধ, দই বেশি করে খেতে বলা হয়। সঙ্গে ডিম। এঁদের আবার ভুট্টা, গম, চিনাবাদাম কম খেতে বলা হয়। এ ও বি-এর মিশ্রণ ‘এবি’ গ্রুপের ক্ষেত্রে দুগ্ধজাত খাবার, সামুদ্রিক মাছ, সবুজ শাকসব্জিই বেশি খেলে ভাল। এমন নিয়ম মেনে চললে ডায়াবিটিসের মতো নাছোড়বান্দা ব্যাধি ধারকাছে ঘেঁষবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement