Healthy Breakfast Recipes

তাড়াহুড়োয় চটজলদি বানানো যাবে, পুষ্টিও হবে ভরপুর, অফিস বেরোনোর আগে কী কী খেতে পারেন?

সকালের ব্যস্ততায় জলখাবার বানিয়ে তা খেয়ে যাওয়ার সময় হয় না অনেকেরই। ফলে দীর্ঘ সময় পেট খালি থাকে। এতে যেমন ওজন বাড়ে, তেমনই পুষ্টির ঘাটতিও হয়। তাই সময় কম লাগবে এবং খেতেও ভাল হবে, এমন কী কী বানিয়ে ফেলতে পারেন ঝটপট?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৮:১০
Share:

গ্যাস না জ্বালিয়েই সুস্বাদু ও পুষ্টির জলখাবার বানিয়ে ফেলুন। ছবি: ফ্রিপিক।

সকালের অফিসে যাওয়ার তাড়া, ছোটদের স্কুল বা সংসারের যাবতীয় কাজ সেরে নিজের জন্য পুষ্টিকর জলখাবার বানানোর সময় অনেকেরই থাকে না। ফলে খালি পেটেই অফিস ছুটতে হয়। দুপুরের খাওয়ার আগে অবধি দীর্ঘ সময় পেট খালি থাকে, তাতে যেমন ওজন বাড়ে, তেমনই গ্যাস-অম্বলের সমস্যা ভোগাতে থাকে। অনেকেই খিদে পেলে বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার কিনে খেয়ে ফেলেন। তাই অফিস বেরোনোর আগে চটজলদি বানিয়ে নেওয়া যাবে এবং রাঁধার প্রয়োজনও হবে না, এমন কী কী স্বাস্থ্যকর খাবার বানিয়ে নিতে পারেন?

Advertisement

ওট্‌স-আপেল এনার্জি শেক

১টি আপেল (খোসা ছাড়ানো), ২ চামচ ওট্‌স, ১ কাপ দুধ, ৩-৪টি খেজুর নিতে হবে। প্রথমে শুকনো খোলায় ওট্‌স হালকা ভেজে নিয়ে মিনিট পনেরো দুধে ভিজিয়ে রাখুন। এর পর আপেলের টুকরো ও খেজুরের সঙ্গে ভাল করে ব্লেন্ড করে নিন। স্বাদ বৃদ্ধি করতে এর সঙ্গে কাঠবাদাম মেশাতে পারেন। উপর থেকে সামান্য কাঠবাদাম ও পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করুন। প্রচুর ফাইবার থাকে এই শেকে, যা দীর্ঘ ক্ষণ পেট ভরিয়ে রাখবে এবং ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করবে।

Advertisement

কম সময়ে বানানো যাবে, ওজনও কমবে ঝটপট।

কাঠবাদাম ও তরমুজের স্মুদি

কাঠবাদামের ভিটামিন, প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট মস্তিষ্কের জন্য ভাল। তরমুজের অ্যান্টি-অক্সিড্যান্ট লাইকোপিন ও বিটা-ক্যারোটিন স্মৃতিশক্তি বৃদ্ধি করে। এটি বানাতে প্রথমে ১০-১২টি কাঠবাদাম জলে ভিজিয়ে রাখুন। রাতে ভিজিয়ে রাখলে ভাল হয়, না হলে ঘণ্টাখানেক ভেজাতে হবে। ভিজিয়ে রাখা বাদামের খোসা ছাড়িয়ে ভাল করে বেটে নিন। এর সঙ্গে জল বা দুধ মিশিয়ে তাতে ছোট ছোট করে কাটা তরমুজের টুকরো দিয়ে ফের ব্লেন্ড করুন। ছেঁকে নিয়ে উপরে পেস্তা ও তরমুজের কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

কাঠবাদাম-ডুমুরের স্মুদি

৫-৬টি কাঠবাদাম ভিজিয়ে রাখুন। এর সঙ্গে লাগবে ১টি শুকনো ডুমুর, ১ কাপ দুধ বা কাঠবাদামের দুধ, ১ চামচ চিয়াবীজ, আধ চামচ দারচিনি ও ১ চামচ মধু। সমস্ত উপকরণ মিশিয়ে ব্লেন্ডারে পিষে নিন। মিহি মিশ্রণ তৈরি হবে। সেটি ফ্রিজে ঘণ্টা দুয়েক রেখে দিন। এই স্মুদি নিয়ম করে খেলে শরীরে ক্যালশিয়ামের অভাব পূরণ হবে। পেশির জোরও বাড়বে।

পেঁপে ও মধুর স্মুদি

পেঁপে যদি অপছন্দ না হয়, তা হলেও এই স্মুদি খেতে ভাল লাগবে। এটি গেলে পেশির জোর বাড়বে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে। এই স্মুদি বানাতে লাগবে ১টি পাকা পেঁপে, ১ কাপ ঠান্ডা দুধ, ১ চামচ মধু ও এক চিমটে গোলমরিচের গুঁড়ো। পেঁপে ও দুধ ব্লেন্ড করে গ্লাসে ঢালুন। উপরে মধু ও গোলমরিচগুঁড়ো ছড়িয়ে দিন। এই স্মুদি খেলে পেটের সমস্যাও কমবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement