পিঠের ব্যথা কমাতে কী কী স্ট্রেচিং করবেন? ছবি: ফ্রিপিক।
বাড়ি থেকে অফিসের কাজের ব্যস্ত জীবনের মাঝে সকালে বা বিকেলে ৪০-৪৫ মিনিট সময় বার করা কি চাট্টিখানি কথা! কী ধরনের ব্যায়াম করা ভাল, তা খুঁজে বার করতেই সময় চলে যায়। এ দিকে অফিসে টানা ৮-৯ ঘণ্টা বসে কাজে শরীরের যে কত ক্ষতি হচ্ছে, তা বলার নয়। পিঠ-কোমরের ব্যথা দিন দিন বাড়ছে। কমবয়সিরাই বেশি ভুক্তভোগী। কিন্তু যখন ওষুধ আর কাজ করে না এবং ব্যথাও ক্রনিক হতে শুরু করে, তখন চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া গতি থাকে না। পিঠ, কোমর বা ঘাড়ের ব্যথায় নাজেহাল দশা যাঁদের, তাঁদের জন্য ব্যথা নিরাময়ের সবচেয়ে কার্যকরী উপায় রয়েছে। তা হল ব্যায়াম। জটিল কোনও পদ্ধতি নয়, সহজ কিছু স্ট্রেচিংয়েই পিঠ ও কোমরের ব্যথা সারবে।
কী কী স্ট্রেচিং করবেন?
আর্ম সার্কল
প্রথমে করতে পারেন আর্ম সার্কল৷ এক বার ঘড়ির কাঁটার দিকে ও পরে ঘড়ির কাঁটার বিপরীতে কাঁধের কাছ থেকে ১০ বার করে এক-একটা হাত উপরে-নীচে ঘোরান৷
রোটেশনাল নেক এক্সারসাইজ়
এর পরে করতে পারেন রোটেশনাল নেক এক্সারসাইজ়৷ সোজা দাঁড়িয়ে বা বসে মাথা ডান দিকে ও বাঁ দিকে ঘোরাতে হবে ১০ বার৷ এ বার মাথা পিছনে নিয়ে যান যথাসম্ভব, তার পরে ঝোঁকান সামনের দিকে৷ এ-ও ১০ বার৷
শোল্ডার রোল
শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে কাঁধকে ১০ বার ঘড়ির কাঁটার দিকে ও ১০ বার ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাতে হবে। এতে কাঁধের পেশির জোর বাড়বে। ঘাড়, পিঠ, কাঁধের ব্যথা কমে যাবে।
ক্যাট-কাউ পোজ়
বিদেশে এই ব্যায়ামের গালভরা নাম ক্যাট-কাউ পোজ়। এ দেশে এই ব্যায়ামটি যোগাসনের একটি বিশেষ পদ্ধতি চক্রবক্রাসন। এতে পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, মানসিক চাপ কমবে।