হেঁশেলে যা যা রয়েছে তার সবক’টি কি খাঁটি, ভেজাল ধরবেন কী উপায়ে? ছবি: ফ্রিপিক।
রোজ যা খাচ্ছেন তা কতটা খাঁটি আর কতটাই বা ভেজাল মেশানো, তা বোঝা অত সহজ নয়। পাড়ার দোকান থেকে অথবা অনলাইনে অর্ডার দিয়ে সর্ষের তেল কেনেন। তাই দিয়ে রান্না হয়। কিন্তু বাজারে আসার আগে তার গুণমান কি নিয়মিত যাচাই করা হয়? ব্র্যান্ড দেখে যে তেল কিনছেন তা কতটা খাঁটি যাচাই করেছেন কখনও? আবার যে দুধের প্যাকেট কিনে আনছেন, তাতে কতটা দুধ আর কতটা জল, সে অনুপাত ধরবে কে? তাজা দেখে সবুজ সব্জি, রঙিন ফল কিনে আনলেন, কিন্তু বুঝতেও পারলেন না টাটকা দেখাতে তাতে কতটা কৃত্রিং রং ও রাসায়নিকের প্রলেপ দেওয়া রয়েছে। আটা-ময়দা থেকে চা-কফি, সব্জি থেকে দুধ, মশলাপাতি— প্রায় সবেতেই ভেজালের রমরমা। তাই রোজের ব্যবহারের জিনিসগুলি কতটা খাঁটি, তা চেনার উপায় বলে দিয়েছে খাদ্যের গুণমান নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই।
দুধ খাঁটি তো?
একটু দুধ মাটিতে ঢালুন। যদি দেখেন গড়িয়ে গিয়ে মাটিতে সাদা দাগ রেখে যাচ্ছে, তা হলে এ দুধ খাঁটি। অশুদ্ধ হলে মাটিতে সাদা দাগ পড়বে না। দুধ গরম করতে গেলেই কি হলদেটে হয়ে যাচ্ছে? তা হলে এ দুধ খাঁটি নয়। এতে মিশেছে কার্বোহাইড্রেট।
মশলার ভেজাল পরীক্ষা
নিত্যদিনের রান্নায় ব্যবহৃত মশলাগুলিতেও প্রায়ই ভেজাল মেশানো হয়। হলুদগুঁড়ো হোক বা গরমমশলা—এইসব গুঁড়ো মশলায় ইটের গুঁড়ো, কাঠের গুঁড়ো বা রঙিন চক পাউডারের মতো ক্ষতিকারক উপাদান মেশানো হতে পারে। প্যাকেটজাত মশলা কিনে আনলে এক গ্লাসে জলে এক চামচ গুঁড়ো মশলা ফেলে দেখবেন। মশলাগুঁড়ো খাঁটি হলে সবটাই জলের নীচে জমা হবে। উপরের জল পরিষ্কার থাকবে। ভেজাল হলে জলটাই ঘোলা হয়ে যাবে।
ফল-সব্জির পরীক্ষা
তুলো জলে ভিজিয়ে বা ভোজ্য তেলে ডুবিয়ে সব্জি বা ফলের গায়ে ঘষতে থাকুন। যদি দেখেন তুলোতে রং উঠছে, তা হলেই বুঝতে হবে কৃত্রিম রং মেশানো হয়েছে সব্জিতে।
রান্নার তেলের ভেজাল পরীক্ষা
ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) জানাচ্ছে, রান্নার তেলে বিশেষ করে সর্ষের তেলে এমন ভেজাল মেশানো হচ্ছে যে, তা বেশি মাত্রায় পেটে গেলে বিষক্রিয়া হতে বাধ্য। রান্নার তেলে মেশানো হচ্ছে ‘টিওসিপি’ (ট্রাই-অর্থো-ক্রেসেল-ফসফেট) নামক এক ধরনের বিষাক্ত পদার্থ। এই রাসায়নিক শরীরের জন্য ক্ষতিকর। তা ছাড়া সর্ষের তেলে সয়াবিন, পাম, রাইস তেলও মিশিয়ে দেওয়া হচ্ছে। তেলে ভেজাল ধরতে এক চা চামচ সর্ষের তেলে ৪ চামচের মতো জল মেশাতে হবে। এ বার মিশ্রণ একটি টেস্ট টিউবে বা কাচের পাত্রে নিয়ে ভাল করে ঝাঁকিয়ে নিন। এই মিশ্রণে দুই থেকে তিন ফোঁটা হাইড্রক্লোরিক অ্যাসিড (এইচসিএল) ফেলতে হবে। যদি দেখেন, তেলের রঙে কোনও বদল আসেনি তা হলে বুঝতে হবে সেটি খাঁটি।
চা ও কফির ভেজাল পরীক্ষা
একটি ভিজে ব্লটিং পেপারের উপর সামান্য চা পাতা রাখুন। যদি কাগজটিতে হলুদ বা কমলা রঙের দাগ পড়ে, তবে বুঝতে হবে সেই চা পাতা খাওয়ার জন্য নিরাপদ নয়। একই ভাবে কফির ক্ষেত্রে, সামান্য কফি পাউডার নিয়ে এক গ্লাস জলে মেশান। কফিতে কোনও ভেজাল বা ক্ষতিকর উপাদান থাকলে তা গ্লাসের নীচে থিতিয়ে পড়বে।