ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
ভাই-বোনের সম্পর্ক মানেই খুনসুটি। যেখানে ঝগড়া এবং মনের মিল দুটোই একসঙ্গে থাকে। ভাই-বোনে যেমন দ্রুত ঝগড়া-অশান্তি হয়, ঠিক তেমনই দ্রুত মিলও হয়ে যায়। তবে সেই ঝগড়ার মীমাংসা একটা মাত্রা পর্যন্ত করা সম্ভব। দু’জনেই যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন ঝগড়াও নানা দিকে বাঁক নিতে শুরু করে। সম্পর্কে ছেদ পর্যন্ত ঘটে। ভাই-বোনের সম্পর্কের মতো সুন্দর সম্পর্কে যদি চিড় ধরে, তা হলে মন ভারাক্রান্ত হয়ে পড়া স্বাভাবিক। তবে এই সম্পর্কের মাধুর্য বজায় রাখতে সাহায্য করতে পারে জ্যোতিষশাস্ত্র। সারা জীবন ভাই-বোনের সম্পর্ক ভাল রাখতে বিশেষ কিছু টোটকা মানা যেতে পারে।
১) ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে ভাই-বোনের একত্রিত একটি ছবি টাঙাতে হবে। এতে ভাই-বোনের সম্পর্ক সুন্দর হয়।
২) বাড়ির ছোটদের যে কোনও জিনিস বা খেলার সামগ্রী সব সময় উত্তর দিকে রাখতে হয়, তা হলে ছোটবেলায় এই সম্পর্ক খুব ভাল থাকে।
৩) বাড়ির বা ঘরের দক্ষিণ দিকে কোনও ভারি লোহার জিনিস বা যে কোনও লাল বা কমলা রঙের জিনিস রাখবেন না। এতে সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়।
৪) রান্নাঘর যেন দক্ষিণ-পশ্চিম কোণে হয়, তা হলে বাড়ির সকলের সম্পর্ক খুব ভাল থাকে। বিশেষ করে ভাই-বোনের সম্পর্ক খুব ভাল থাকে। রান্নাঘর যদি অন্য কোনও কোণে হয় তাহলে ভাই-বোনের সম্পর্কের মধ্যে শীঘ্র চিড় ধরতে দেখা যায়।
এ সকল টোটকা ছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই যে মনের মিল বা আন্তরিকতা থাকলে যে কোনও সম্পর্ক সুন্দর হয়। বাড়িতে একসঙ্গে দুই শিশু থাকলে তাদের সবার আগে নিজের যে কোনও জিনিস ভাগ করে নিতে শেখাতে হবে। এতে সম্পর্কের মাধুর্য বৃদ্ধি পাবে।