ছবি: (এআই সহায়তায় প্রণীত)
রাস্তাঘাটে চলতে-ফিরতে বাড়ির সামনে বিদ্যুতের খুঁটি দেখা যায়। আপাতদৃষ্টিতে এই দৃশ্য সাধারণ মনে হলেও জ্যোতিষমতে, বাড়ির সামনে বিদ্যুতের খুঁটি থাকা অশুভ বলে মনে করা হয়। এর ফলে ইতিবাচক শক্তির প্রবাহে বাধা সৃষ্টি করে। সংসারে অকারণে অশান্তি দেখা দেয়। জেনে নিন, বাড়ির সদর দরজার সামনে বিদ্যুতের খুঁটি থাকলে কী কী বাস্তুদোষ তৈরি হয়—
উন্নতিতে বাধা
বাড়ির সদর দরজার সামনে বিদ্যুতের খুঁটি থাকলে তা বাড়ির সদস্যদের কর্মক্ষেত্র বা ব্যবসায়িক উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারে।
স্বাস্থ্যের অবনতি
বাড়ির প্রবেশপথ দিয়ে ইতিবাচক শক্তি প্রবেশ করে। দরজার সামনে বিদ্যুতের খুঁটি থাকলে তা সেই প্রবাহকে বাধাগ্রস্ত করে। বাস্তুমতে, এর ফলে পরিবারের সদস্যদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
সংসারে অশান্তি
বাড়ির সামনে বিদ্যুতের খুঁটি থাকলে পরিবারের সদস্যদের মধ্যে অকারণে খিটখিটে মেজাজ বা অন্তর্দ্বন্দ্ব দেখা দেওয়ার আশঙ্কা থাকে।
সন্তানের উপর প্রভাব
বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির সামনে বিদ্যুতের খুঁটি থাকলে তার প্রভাব পড়ে পরিবারের সন্তানদের উপর। মনে করা হয়, এর ফলে সন্তানদের পড়াশোনা বা তাদের ভবিষ্যতের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
নতুন বাড়ি কেনার সময় বিদ্যুতের খুঁটির উপস্থিতি লক্ষ করে দেখে নিন। সেই খুঁটি সরানো অধিকাংশ ক্ষেত্রেই সম্ভব হয় না। তবে, কিছু প্রতিকারের মাধ্যমে অশুভ ছায়ার প্রকোপ থেকে আপনার সংসার মুক্তি পেতে পারে। নীচে সেই প্রতিকারের উপায়গুলি নিয়ে আলোচনা করা হল—
বিদ্যুতের খুঁটির উপর যদি পাখির বাসা থাকে তবে, তার নেতিবাচক প্রভাব অনেকটাই কমে যায় বলে বাস্তুশাস্ত্র মতে মনে করা হয়।
বাস্তুশাস্ত্র মতে, কাঠের তৈরি অষ্টভুজাকৃতির ফ্রেমে বসানো গোলাকৃতি পাকুয়া আয়না অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির দরজার সামনে এই আয়নাটি এমন ভাবে লাগাতে হবে যেন খুঁটির প্রতিচ্ছবি ওই আয়নায় পড়ে প্রতিফলিত হয়ে ফিরে যায়। এই আয়নার সাহায্যে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ না করে বিপরীত দিকে দিক পরিবর্তন করে ফিরে যায়।
হিন্দু ধর্মে, সদর দরজার উপরের দিকে আমপাতার তোরণ লাগানো খুবই শুভ। এটি পরিবেশকে পবিত্র রাখে এবং বাড়িতে সুখ-শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। আর্থিক সমস্যাও কমে বলে বিশ্বাস করা হয়। তবে খেয়াল রাখতে হবে, আমপাতা শুকিয়ে গেলে তা বদলে নতুন পাতা লাগাতে হবে।
বাড়ির প্রবেশপথ এবং খুঁটির মাঝখানে যদি বড় এবং ঘন পাতার কোনও গাছ লাগানো যায়, তবে তা বাস্তুদোষ খণ্ডন করতে সাহায্য করে।
বাড়ির সদর দরজার সামনে স্বস্তিক চিহ্ন বা ওম চিহ্ন আঁকতে পারেন। তা ছাড়া দরজার সামনে উজ্জ্বল আলো জ্বালিয়ে রাখা ভালো। এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে না।