—প্রতীকী ছবি।
ভালবাসার সপ্তাহে কমবেশি সকলের মনেই প্রেমের পবন বইছে। প্রেম দিবস ঘিরে সকল কপোত-কপোতীরই নানা পরিকল্পনা থাকে। উপহার আদান-প্রদান ছাড়া যেন প্রেম দিবস সম্পূর্ণ হয় না। বহু প্রেমিক বা প্রেমিকা আবার সঙ্গীকে আনন্দ দেওয়ার জন্য তাঁকে না জানিয়ে নানা পরিকল্পনা করে থাকেন, যাতে সঠিক সময়ে তাঁকে চমকে দেওয়া যায়। অনেকে আবার সে সব দিকে যান না। নিজেরা ছিমছাম ভাবে প্রেম দিবস কাটাতেই বিশ্বাসী এঁরা। কিন্তু আপনার সাদামাঠা জিনিস পছন্দ হলেও সঙ্গী তাতে খুশি তো? শাস্ত্র জানাচ্ছে, কিছু রাশির ব্যক্তিরা চমকপ্রেমী হন। সম্পর্ক একঘেয়ে ছন্দে এগিয়ে চলুক তা এঁদের পছন্দ নয়। উপহারের আদানপ্রদান, নতুন নতুন জিনিস একসঙ্গে দেখা, সঙ্গীকে চমকে দেওয়ার মতো কিছু পরিকল্পনা করা প্রভৃতি এঁদের কাছে মূল্য পায়। আপনার সঙ্গী সে সকল মানুষের দলে রয়েছেন কি না রাশি মিলিয়ে দেখে নিন।
কোন রাশির ব্যক্তিদের সম্পর্কে একঘেয়েমি পছন্দ নয়?
মেষ: মঙ্গলের রাশি মেষের জাতক-জাতিকাদের সম্পর্কে একঘেয়েমি মোটে পছন্দ নয়। এঁরা সম্পর্কেও রোমাঞ্চের খোঁজ করেন। সঙ্গীর সঙ্গে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে পছন্দ করেন। এঁরা চমক পেতে ভালবাসেন। সঙ্গী যদি মেষ রাশির ব্যক্তিদের আগে থেকে কিছু না জানিয়ে পরিকল্পনা করে চমকে দেন, তা হলে এঁরা সবচেয়ে বেশি খুশি হন।
মিথুন: মিথুন রাশির ব্যক্তিরা উপহার পেতে খুবই পছন্দ করেন। তবে বেশি আনন্দ তখনই পান, যখন মিথুন জাতক-জাতিকারা আগে থেকে জানেন না যে তাঁরা উপহার পেতে চলেছেন। নানা নতুন অভিজ্ঞতা দিয়ে সম্পর্ককে মুড়ে রাখতে ভালবাসেন এঁরা। যে জিনিস একই ছন্দে এগিয়ে চলে, সেই জিনিসের প্রতি এঁদের আগ্রহ কমতে থাকে। সম্পর্কের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়।
সিংহ: যে কোনও ঘটনার কেন্দ্রবিন্দু হতে পছন্দ করেন সিংহ জাতক-জাতিকারা। সম্পর্কেও যে তাঁদের এই দাবিটা থাকবে সেটা খুবই স্বাভাবিক বিষয়। এঁরা চান সঙ্গী সর্বদা এঁদের জন্য বিশেষ কিছু করে চলুক। বদলে এঁরাও সঙ্গীর জন্য অনেক কিছুই করেন। যে সম্পর্কে সিংহ জাতক-জাতিকারা ‘স্পেশ্যাল ট্রিটমেন্ট’ পান না, সেই সম্পর্কে এঁরা বেশি দিন থাকেন না।
কুম্ভ: সম্পর্কে নানা রকমের মন ভাল করা চমক পেতে পছন্দ করেন কুম্ভ জাতক-জাতিকারা। উপহার আদান-প্রদানও এঁদের খুবই পছন্দের একটি বিষয়। একঘেয়ে কিছুই এই রাশির ব্যক্তিদের মনে ধরে না। সব সময় রোমাঞ্চের জন্য মুখিয়ে থাকেন। সঙ্গী হিসাবে এঁরা এমন কাউকেই বেছে নেন যে এঁদের মতোই রোমাঞ্চপ্রেমী ও চমকপ্রদ জিনিসের প্রতি আগ্রহী হন।
মীন: সংবেদনশীল মীন জাতক-জাতিকাদের সঙ্গীর থেকে বিশেষ কিছু চাহিদা থাকে না। এঁরা চান সঙ্গী এঁদের মনের কথা নিজে থেকেই যেন বুঝে যান। এরই সঙ্গে সঙ্গীর থেকে নানা মন ভাল করা চমক পেতেও পছন্দ করেন এঁরা। আগে থেকে মীন জাতক-জাতিকাদের না জানিয়ে সঙ্গী যদি এঁদের জন্য কিছু পরিকল্পনা করেন, তা হলে এঁরা খুবই খুশি হন।