২০ এপ্রিল ২০২৬, সোমবার অক্ষয় তৃতীয়া। শাস্ত্রে এই দিনের
বিশেষ মাহাত্ম্য রয়েছে। বহু মানুষই এই দিন সোনা-রুপো কেনেন। প্রচলিত বিশ্বাস
অনুযায়ী, বিশেষ এই দিনে সোনা কিনলে জীবনে সমৃদ্ধি আসে। শাস্ত্রমতে, সোনা শুভ ধাতু।
এই ধাতুর সঙ্গে বৃহস্পতির সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। তাই সোনা ধারণের নানা
নিয়মের কথা বলা রয়েছে শাস্ত্রে। এ ছাড়া বিশেষ কিছু দিনে সোনা কেনা অনুচিত বলেও
জানায় শাস্ত্র। এই বছর অক্ষয় তৃতীয়া সোনা কেনার জন্য শুভ কি না, তা নিয়ে বহু
মানুষের মনেই নানা দ্বিধা কাজ করছে। কারণ বর্তমানে গ্রহদের অবস্থান শুভ নয়। এ
ছাড়া বিশেষ কিছু রাশি রয়েছে যাদের এই অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা উচিত হবে না বলে
জানাচ্ছে শাস্ত্র। সে সম্বন্ধে জেনে নিন।
- বর্তমানে বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে। তাই অক্ষয় তৃতীয়ার
বিশেষ তিথিতে সোনা কেনার আগে অত্যন্ত ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। কেমন মাপের,
কত ভরির কী সোনার গয়না কিনবেন তা-ও আগে থেকে বিবেচনা করে যাওয়াই উচিত হবে। তবে সূর্য
১৯ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার ঠিক আগের দিন প্রবেশ করছে বৃষ রাশিতে। সেই কারণে সোনা
কেনা অশুভ বলা যাচ্ছে না। কারণ সূর্যের বৃষ রাশিতে প্রবেশ আত্মবিশ্বাস এবং সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা উন্নত হওয়ার শুভ ইঙ্গিত দেয়। যদিও মীনে শনি, বুধ এবং মঙ্গল একত্রে
অবস্থান করায় মানসিক বিভ্রান্তি ঘটার আশঙ্কা রয়েছে। তাই হঠকারিতায় কিছু কেনা উচিত
হবে না, শান্ত মাথায় ভেবেচিন্তে সোনা কেনাই আপনার জন্য শুভ হবে।
- গ্রহদের অবস্থান অনুযায়ী মনে করা হচ্ছে, গহনা সোনার থেকে খাঁটি
সোনা কেনাই বেশি ভাল। এতেই লাভ বেশি হওয়ার সম্ভাবনা দেখা
যাচ্ছে। এর ফলে বৃহস্পতি এবং শুক্রের সুপ্রভাব লাভ করতে পারবেন।
- এই বছর অক্ষয় তৃতীয়ায় বৃষ, সিংহ, তুলা এবং মকর রাশির
জাতক-জাতিকাদের জন্য সোনা কেনা বিশেষ ভাবে শুভ হতে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে
আপনারা খুব ভাল ফল পেতে পারেন।
- মেষ, কর্কট, ধনু এবং মীন জাতক-জাতিকাদের বিশেষ এই দিনে
সোনা-রুপো কেনা খুব একটা ভাল হবে না বলে মনে করা হচ্ছে। কম অঙ্কের কিছু কিনতে
পারেন, বেশি মূল্যের কোনও জিনিস কেনা ভাল হবে না।
- মিথুন, কন্যা, বৃশ্চিক এবং কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য
সোনা-রুপো কিনলে লাভ হতেও পারে, আবার না-ও হতে পারে বলে মনে করা হচ্ছে। ভেবেচিন্তে
সিদ্ধান্ত নেওয়াই যুক্তিসম্মত হবে।