ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি শুভ অক্ষয় তৃতীয়া হিসাবে পালন করা হয়। ‘অক্ষয়’ শব্দের অর্থ যার ক্ষয় নেই, অর্থাৎ চিরস্থায়ী। শাস্ত্রমতে অক্ষয় তৃতীয়া তিথিতে কোনও শুভ কাজ করলে বা শুভ কাজ শুরু করলে তার ফল দীর্ঘস্থায়ী হয় বা দীর্ঘকাল ধরে প্রাপ্ত হয়। অক্ষয় তৃতীয়া তিথিতে ধনদেবতা কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাঁকে অতুল ধনসম্পত্তি দান করেন। হিন্দু বিশ্বাস মতে, শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে মহাভারত রচনা শুরু হয়। শুভ অক্ষয় তৃতীয়া তিথি পুরীধামের জগন্নাথদেবের রথযাত্রার রথ নির্মাণ শুরুর তিথি। অক্ষয় তৃতীয়া তিথিকে গণেশের জন্মতিথি হিসাবেও মানা হয়। এই দিনে গণপতির পুজো বিশেষ শুভফল দান করে। এই তিথিতে গণপতির পুজো করে যে কোনও শুভ কাজ শুরু করলে শুভ ফলপ্রাপ্তি হয়। আগামী ৬ বৈশাখ, ২০ এপ্রিল, সোমবার শুভ অক্ষয় তৃতীয়া।
তৃতীয়া তিথি আরম্ভ–
৫ বৈশাখ, ১৯ এপ্রিল, রবিবার।
সময়– সকাল ১০টা ৫১ মিনিট।
তৃতীয়া তিথি শেষ–
৬ বৈশাখ, ২০ এপ্রিল, সোমবার।
সময়– সকাল ৭টা ২৮ মিনিট।
অক্ষয় তৃতীয়া ব্রত। অক্ষয় তৃতীয়ার স্নানদানাদিতে অক্ষয় পূর্ণ লাভ।
অমৃতযোগ– ভোর ৬টা ৫৭ মিনিটের মধ্যে। পুনরায়, সকাল ১০টা ১৯ মিনিট গতে ১২টা ৫১ মিনিটের মধ্যে।
সন্ধ্যা ৬টা ৪০ মিনিট গতে ৮টা ৫৬ মিনিটের মধ্যে, পুনরায় রাত ১১টা ১২ মিনিট গতে ২টো ১৪ মিনিটের মধ্যে।
মাহেন্দ্রযোগ– দুপুর ৩টে ২৩ মিনিট গতে বিকেল ৫টা ৪ মিনিটের মধ্যে।