তুযারে আটকে পড়া গাড়ি উদ্ধার করে ভারতীয় সেনাবাহিনী। ছবি: পিটিআই।
সিকিমে শুরু হয়েছে তুষারপাত। আর সেই তুষারপাতে আটকে পড়েছিলেন ৪৬ জন পর্যটক। তাঁদের উদ্ধারে নামে ভারতীয় সেনা। পূর্ব সিকিমের উঁচু এলাকায় অভিযান চালিয়ে সব পর্যটককে সরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সেনাকর্তারা।
জানা গিয়েছে, গোটা জানুয়ারি জুড়ে শুষ্ক আবহাওয়া ছিল সিকিমে। তুষারপাত হয়নি ফেব্রুয়ারির শুরুতেও। তবে দিন দুয়েক আগে থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে। শুরু হয় তুষারপাত। ছাঙ্গু, নাথুলা এলাকায় আটকে পড়েন পর্যটকেরা। তাঁদের মধ্যে কয়েক জন শিশুও ছিল। আটকে পড়া পর্যটকদের প্রতিকূল অবস্থা থেকে উদ্ধার করে আপাতত ১৭ মাইল এলাকায় সেনাছাউনিতে রাখা হয়েছে। আবহাওয়ার পররিবর্তনের পরই তাঁদের সমতলে নামিয়ে নিয়ে যাবে সেনা।
রবিবার তুষারপাতের কারণে সিকিমে জওহরলাল নেহরু রোডের ধারে পর্যটকবোঝাই গাড়ি আটকে পড়ে। পর্যটকদের উদ্ধারে নামে ভারতীয় সেনা। শুরু হয় ‘অপারেশন হিমরাহাত’। স্থানীয়েরাও সাহায্য করতে এগিয়ে আসেন। কয়েক ঘণ্টার চেষ্টায় পর্যটকদের উদ্ধার করে আনে সেনাবাহিনী। স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর এবং পূর্ব সিকিমে বৃষ্টির দাপট থাকবে। চলবে তুষারপাত। মনে করা হচ্ছে, তুষারপাত থামলে পর্যটকদের সেনাছাউনি থেকে সরিয়ে আনা হবে।