Earthquake in Kashmir and Andaman Nicobar Islands

ভূমিকম্পে ২০ সেকেন্ড ধরে কাঁপল জম্মু ও কাশ্মীর! উৎপত্তি গুলমার্গ থেকে ১০ কিমি দূরের শহরে, আন্দামানেও কম্পন

সোমবার ভোররাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এবং ভোরের দিকে জম্মু ও কাশ্মীরে ভূমিকম্প হয়েছে। কাশ্মীরে টানা ২০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৭
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

সোমবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর উপত্যকা। বারামুলা জেলার পত্তন শহর এবং তার আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। ভারতের জাতীয় ভূতাত্ত্বিক সর্বেক্ষণ বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৭। এখনও পর্যন্ত ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে টানা ২০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে বলে দাবি স্থানীয়দের। অনেকেই তা টের পেয়ে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছিলেন।

Advertisement

ভোররাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ভূমিকম্প হয়েছে। এনসিএস-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে সেখানকার কম্পনের মাত্রা ছিল ৪.৬। কাশ্মীর এবং আন্দামান উভয়েই ভারতের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলির মধ্যে অন্যতম। ফলে রিখটার স্কেলে কম্পনের মাত্রা তেমন জোরদার না-হলেও একই দিনে দুই প্রান্তে পর পর ভূমিকম্পে উদ্বেগ তৈরি হয়েছে।

কাশ্মীরে ভূমিকম্প হয়েছে সোমবার ভোর ৫টা ৩৫ মিনিট নাগাদ। জনপ্রিয় পর্যটনকেন্দ্র গুলমার্গ থেকে উত্তর-পূর্বে মাত্র ১০ কিলোমিটার দূরে পত্তন এলাকায় ছিল ভূমিকম্পের উৎসস্থল। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন উৎপন্ন হয়েছিল। আন্দামানে ভূমিকম্প হয় ভোর সাড়ে ৩টে নাগাদ। এ ক্ষেত্রেও কম্পনের উৎপত্তি মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে উৎসস্থল ছিল নিকোবর দ্বীপপুঞ্জে।

Advertisement

গত বছরের নভেম্বরে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড্‌স একটি জাতীয় ভূকম্পন মানচিত্র প্রকাশ করেছিল। সেখানে কাশ্মীর-সহ হিমালয় অঞ্চলকে ছ’নম্বর সিস্‌মিক জ়োনে রাখা হয়েছে। আন্দামান এই মানচিত্রে রয়েছে পাঁচ নম্বর তালিকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement