SIR in India

পশ্চিমবঙ্গের চেয়েও বেশি নাম বাদ পড়েছে তামিলনাড়ুতে! তবে শীর্ষে থাকবে উত্তরপ্রদেশ, কত ভোটার বাদ গেল কোন রাজ্যে

পশ্চিমবঙ্গের মতো তামিলনাড়ুতেও বিধানসভা ভোট রয়েছে। এসআইআর শুরুর আগে সে রাজ্যে মোট ৬.৪১ কোটি ভোটার ছিলেন। এখন ভোটার সংখ্যা কমে হয়েছে ৫.৬৭ কোটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৫:২৯
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা বাদ পড়েছে ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ ভোটারের নাম। ভোটমুখী চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অসম বাদে সর্বত্রই এসআইআর হয়েছে। ভোটমুখী রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে তামিলনাড়ুতে। সে রাজ্যে মোট ৯৭.৩৭ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। তার পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হওয়ার আগে ভোটার ছিলেন ৭.৬৬ কোটি জন। সোমবার বেশি রাতের দিকে কমিশন যে তথ্য জানিয়েছে, তাতে রাজ্যে ভোটারের সংখ্যা কমে হয়েছে ৬.৭৭ কোটি। পশ্চিমবঙ্গ-সহ সকল রাজ্যেই এসআইআর পর্বে যেমন ভোটার বাদ পড়েছেন, তেমনই কিছু নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন।

Advertisement

বিহারের পর দ্বিতীয় ধাপে পশ্চিমবঙ্গ-সহ ৯ রাজ্য এবং তিন কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হয়। তালিকায় রয়েছে তামিলনাড়ু, গুজরাত, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, গোয়া, পুদুচেরি, আন্দামান-নিকোবর এবং লক্ষদ্বীপ। এর মধ্যে উত্তরপ্রদেশ বাদে বাকি রাজ্যগুলিতে আগেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ্যে এসে গিয়েছিল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অসম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ হয়েছিল গত ২৮ ফেব্রুয়ারি। যাঁদের নাম বিবেচনাধীন ছিল, তাঁদেরও প্রাথমিক বিচারপর্ব মিটে গিয়েছে।

তবে এই ১২ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোনও রাজ্যেরই উত্তরপ্রদেশকে ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। শুধু খসড়া তালিকাতেই উত্তরপ্রদেশে বাদ পড়েছে ২.৮৯ কোটি ভোটারের নাম। চূড়ান্ত তালিকা প্রকাশের পর তা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে।

Advertisement

পশ্চিমবঙ্গের মতো তামিলনাড়ুতেও বিধানসভা ভোট রয়েছে। এসআইআর শুরুর আগে সে রাজ্যে মোট ৬.৪১ কোটি ভোটার ছিলেন। এখন ভোটার সংখ্যা কমে হয়েছে ৫.৬৭ কোটি। এসআইআর পর্বে তামিলনাড়ুতে বাদ গিয়েছে ৯৭.৩৭ লক্ষ ভোটারের নাম। পশ্চিমবঙ্গের মতো কেরল এবং অন্য রাজ্যগুলিতেও কিছু নতুন ভোটার যুক্ত হয়েছেন চূড়ান্ত তালিকায়। সামনে নির্বাচন রয়েছে কেরলেও। সেখানে এসআইআর পর্বে ৮.৯৭ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। আগে কেরলে ২.৭৮ কোটি ভোটার ছিলেন। এখন তা কমে হয়েছে ২.৬৯ কোটি।

এসআইআর পর্বে গুজরাতে ৭৭.৯৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তালিকা থেকে। খসড়া তালিকাতেই সে রাজ্যে ৭৪ লক্ষের নাম বাদ গিয়েছিল। চূড়ান্ত তালিকায় আরও ৩.৯৫ লক্ষের নাম বাদ যায়। আগে সে রাজ্যে ৫.০৮ কোটি ভোটার ছিলেন। এখানেও নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে। যার ফলে এখন চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা হয়েছে ৪.৪০ কোটি।

Advertisement

মধ্যপ্রদেশে এসআইআর শুরুর আগে ৫.৭৪ কোটি ভোটার ছিলেন। এখন ভোটার সংখ্যা কমে হয়েছে ৫.৩৯ কোটি। এসআইআর প্রক্রিয়ায় মধ্যপ্রদেশে মোট ৩৪.২৫ লক্ষ জনের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে।

রাজস্থানেও বাদ গিয়েছে প্রায় ৩১.৩৬ লক্ষ ভোটারের নাম। আগের ভোটার তালিকায় সে রাজ্যে ৫.৪৬ কোটি ভোটার ছিলেন। এখন নতুন ভোটার তালিকায় রাজস্থানে ভোটার হয়েছেন ৫.১৫ কোটি। ছত্তীসগঢ়ে এসআইআর শুরুর আগে ২.১২ কোটি ভোটার ছিলেন। এখন সেখানে ভোটার কমে হয়েছে ১.৮৭ কোটি। ছত্তীসগঢ়ে বাদ পড়েছে ২৪.৯৯ লক্ষ ভোটারের নাম।

আগের ভোটার তালিকা অনুযায়ী, গোয়ায় ১১.৮৫ লক্ষ ভোটার ছিলেন। এসআইআর-এর পরে প্রকাশিত ভোটার তালিকায় গোয়া থেকে বাদ গিয়েছে ১.২৭ লক্ষ ভোটারের নাম। চূড়ান্ত তালিকায় ১০.৫৭ লক্ষ ভোটারের নাম রয়েছে। পুদুচেরিতে আগে ১০.২১ লক্ষ ভোটার ছিলেন। এখন তা কমে হয়েছে ৯.৪৪ লক্ষ। কেন্দ্রশাসিত এই অঞ্চলটিতে বাদ গিয়েছে ১.০৩ লক্ষ নাম। আন্দামান-নিকোবরেও বাদ গিয়েছে ৫২ হাজার নাম। আগে সেখানে ৩.১০ লক্ষ ভোটার ছিলেন। এখন তা কমে হয়েছে ২.৫৮ লক্ষ। লক্ষদ্বীপে এসআইআর শুরুর আগে ৫৭,৮১৩ জন ভোটার ছিলেন। নতুন চূড়ান্ত তালিকায় তাতে নাম রয়েছে ৫৭,৬০৭ ভোটারের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement