Gurpatwant Singh Pannun Murder Plot

ভারতীয় নাগরিক দোষী সাব্যস্ত আমেরিকায়, খলিস্তানি নেতাকে খুনের চক্রান্তে হতে পারে ৪০ বছরের কারাদণ্ডও! কী ঘটেছিল

খলিস্তানি নেতা গুরপতবন্ত সিংহ পন্নুন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। ২০২৩ সালে তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। সেই ষড়যন্ত্রে ধরা পড়েন নিখিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৫
Share:

খলিস্তানি নেতা গুরপতবন্ত সিংহ পন্নুন। —ফাইল চিত্র।

আমেরিকায় খলিস্তানি নেতাকে খুনের ষড়যন্ত্রে অভিযুক্ত ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত দোষী সাব্যস্ত হয়েছেন। বৃহস্পতিবার আমেরিকার আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছে। আগামী ২৯ মে তাঁর শাস্তি ঘোষণা করা হবে। মার্কিন আইন অনুযায়ী, সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে নিখিলের। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালতই। এখনও এ বিষয়ে ভারত সরকারের বক্তব্য জানা যায়নি।

Advertisement

খলিস্তানি নেতা গুরপতবন্ত সিংহ পন্নুন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। ২০২৩ সালে তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। সেই ষড়যন্ত্রে ধরা পড়েন নিখিল। ওই বছরের জুন মাসে চেক প্রজাতন্ত্র থেকে মার্কিন তদন্তকারীরা নিখিলকে গ্রেফতার করেন এবং আমেরিকায় নিয়ে যান। ভারতে পন্নুনকে সন্ত্রাসবাদী তকমা দেওয়া হয়েছে। তাঁর সংগঠনকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মার্কিন আধিকারিকদের অভিযোগ, ভারতের এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক পন্নুনকে হত্যার জন্য নিখিলকে নিয়োগ করেছিলেন। নিখিল তাঁর নির্দেশেই কাজ করছিলেন। যদিও মার্কিন নাগরিকের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপের অভিযোগ উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি।

৫৪ বছরের নিখিলকে বৃহস্পতিবার ম্যানহাটনের আদালতে হাজির করানো হয়েছিল। মার্কিন আধিকারিকেরা জানান, আমেরিকার এক নাগরিককে হত্যার ছক কষেছিলেন নিখিল। শেষ মুহূর্তে ধরা পড়ে যাওয়ায় পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তবে ওই মার্কিন নাগরিকের নাম উল্লেখ করা হয়নি আদালতের নথিতে। সেখানে তাঁকে ‘ভুক্তভোগী’ বলে ব্যাখ্যা করা হয়েছে। তবে পন্নুনকে খুনের ষড়যন্ত্রেই যে নিখিলকে দোষী সাব্যস্ত করা হল, তা নিয়ে ধন্দ নেই।

Advertisement

অভিযোগ, ভারত থেকে বিকাশ যাদব নামের এক জন নিখিলকে কাজে নিয়োগ করেছিলেন। বিকাশ ভারতের ক্যাবিনেট সেক্রেটারিয়েটের কর্মচারী বলে দাবি মার্কিন নথিতে। এই ক্যাবিনেট সেক্রেটারিয়েটে রয়েছে গোয়েন্দা সংস্থা র-এর দফতরও। অভিযোগ, বিকাশের নির্দেশে নিখিল আমেরিকায় এক ভাড়াটে খুনির সঙ্গে যোগাযোগ করেন এবং পন্নুনকে হত্যার বরাত দেন। তাঁদের মধ্যে এক লক্ষ ডলারের (৯০ লক্ষ টাকা) চুক্তি হয়েছিল। অগ্রিম দেওয়ার কথা হয়েছিল ১৫ হাজার ডলার (১৩ লক্ষ টাকা)। কিন্তু নিখিল জানতেন না, ভা়ড়াটে খুনি ভেবে যাঁর সঙ্গে তিনি যোগাযোগ করেছেন, তিনি মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এর পরেই নিখিলকে গ্রেফতার করা হয়। আমেরিকার এই অভিযোগগুলি ‘অত্যন্ত গুরুতর’ বলে ব্যাখ্যা করেছিল ভারত সরকার। তা খতিয়ে দেখার জন্য অভ্যন্তরীণ প্যানেলও তৈরি করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement