হরিয়ানা সরকারের টাকা প্রতারণা নিয়ে মুখ খুললেন মুখ্য়মন্ত্রী নয়াব সিংহ সাইনি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে হরিয়ানা সরকারের খোয়া যাওয়া ৫৭৮ কোটি টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে সেই টাকা ফেরত পাওয়া গিয়েছে বলে জানালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনি। তিনি জানান, তবে এই কেলেঙ্কারির তদন্ত এখনও শেষ হয়নি। উচ্চপর্যায়ের কমিটি এই ঘটনার তদন্ত করবে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়, তার সুপারিশও করবে এই কমিটি।
মঙ্গলবার হরিয়ানা বিধানসভায় মুখ্যমন্ত্রী সাইনি বলেন, ‘‘আমি এই কক্ষে স্পষ্ট করে বলতে চাই খোয়া যাওয়া পুরো টাকা সুদ-সমেত ফেরত পাওয়া গিয়েছে। তা আবার পুরনো অ্যাকাউন্টে জমা পড়েছে।’’ তিনি আরও জানান, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এটা সম্ভব হয়েছে। চণ্ডীগড়ে এক ব্যাঙ্কের শাখার কিছু কর্মী এই কেলেঙ্কারিতে জড়িত। এই ঘটনায় যদি কোনও সরকারি আধিকারিক বা কর্মী জড়িত থাকেন, তবে তাঁকেও রেয়াত করা হবে না।
সাইনির কথায়, ‘‘ওই ব্যাঙ্ক আনুমানিক ৫৫৬ কোটি টাকা জমা দিয়েছে। এ ছাড়াও, সুদবাবদ ২২ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে।’’ বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আগের সরকারগুলি কেলেঙ্কারির ফাইল সব সময় চাপা দিয়ে রাখত। তবে এখন হরিয়ানার শাসনব্যবস্থা অনেক বদলে গিয়েছে।’’
উল্লেখ্য, সম্প্রতি ওই টাকার অঙ্কে গরমিল ধরা পড়ে। গরমিলের বিষয়টি নজরে আসার পরেই নড়েচড়ে বসে হরিয়ানা সরকার। দু’টি বেসরকারি ব্যাঙ্কে থাকা সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরগুলিকে নির্দেশ দেওয়া হয়। বিষয়টি পুলিশের পাশাপাশি সেবি-কেও জানান আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ। প্রাথমিক ভাবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ চণ্ডীগড় শাখার চার কর্মীকে বরখাস্ত করেন।