Modi visit Israel

ইজ়রায়েল সফরে মোদী

গাজ়া শান্তি পরিকল্পনা, ইজ়রায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধ মোকাবিলার লক্ষ্যে বহুপাক্ষিক চুক্তির মতো বিষয় দুই নেতার আলোচনার সময় উঠবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০০
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি: আগামী সপ্তাহে দু’দিনের সফরে ইজ়রায়েল যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশ মন্ত্রকের বক্তব্য, দু’দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক, প্রতিরক্ষা, কৃষি ও সন্ত্রাস বিরোধিতার সমন্বয় জোরদার করতে প্রধানমন্ত্রী মোদীর আসন্ন সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তৃতীয় দফায় দায়িত্ব গ্রহণের পরে এটি তাঁর প্রথম ইজ়রায়েল সফর। সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বিস্তৃত দ্বিপাক্ষিক আলোচনায় দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি পশ্চিম এশিয়ার সম্প্রতিক পরিস্থিতিও উঠে আসবে আলোচনায়। মোদী সে দেশের সংসদে বক্তৃতাও দেবেন।

প্রসঙ্গত মোদীর এই সফরের কথা প্রথম জানিয়ে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ‘‘আগামী সপ্তাহে মোদী আসছেন। উভয় রাষ্ট্রের মধ্যে প্রবল অংশীদারি রয়েছে। ভারতে ইজ়রায়েল অত্যন্ত জনপ্রিয়।’’ মোদীর সফর এবং নেতানিয়াহুর ঘোষণার সূত্রে কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ কটাক্ষের সুরে বলেছেন, “ভারত অপারেশন সিঁদুর বন্ধ করার বিষয়টি প্রথম শুনেছিল আমেরিকার কাছ থেকে। ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির খবরটিও শুনেছিল সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইজ়রায়েল যাত্রার বিষয়টিও প্রথম শুনল সে দেশের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছ থেকে, যিনি কি না গাজ়াকে ছাইয়ের স্তূপে পরিণত করেছেন! ওয়েস্ট ব্যাঙ্কে নিজেদের দখলদারি আরও বাড়িয়ে লক্ষ লক্ষ প্যালেস্টাইনিকে ঘরছাড়া করছেন।” প্রসঙ্গত কংগ্রেস-সহ এ দেশের বিরোধীরা প্রথম থেকেই গাজ়ায় ইজ়রায়েলের গণহত্যা চালানোর তীব্র নিন্দা করেছে।

বিদেশ মন্ত্রক সূত্রের খবর, গাজ়া শান্তি পরিকল্পনা, ইজ়রায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধ মোকাবিলার লক্ষ্যে বহুপাক্ষিক চুক্তির মতো বিষয় দুই নেতার আলোচনার সময় উঠবে। নেতানিয়াহু ইতিমধ্যেই ভারতীয় নেতৃত্বকে গাজ়া শান্তি পরিকল্পনার বাস্তবায়ন এবং অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। যদিও মোদী এই অঞ্চলে ন্যায়সঙ্গত, টেকসই শান্তির জন্য ভারতের ধারাবাহিক সমর্থনের কথা ফের জানিয়েছেন বলে দাবি। গত ডিসেম্বরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইজ়রায়েলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তার ঠিক আগে, অর্থাৎ নভেম্বরে ভারত এবং ইজ়রায়েল প্রতিরক্ষা, প্রযুক্তি এবং শিল্প ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা নিয়ে একটি মাইলফলক চুক্তি করে। নভেম্বরেই তেল আভিভে ভারত-ইজ়রায়েল যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক বসেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন