Brutal Murder

দুর্গাপুজোর মণ্ডপে পুত্রবধূর নৃত্য পরিবেশনে বাধা! বৃদ্ধকে খুনের অভিযোগ স্ত্রী-সন্তানের বিরুদ্ধে

পরিবারের সদস্যদের মধ্যে একমাত্র শ্বশুরেরই আপত্তি ছিল বধূর নৃত্য পরিবেশনায়। তা নিয়ে অশান্তি ক্রমে চরমে ওঠে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৬:৫৭
Share:

বৃদ্ধকে খুনের অভিযোগ মধ্যপ্রদেশে। —প্রতীকী চিত্র।

দুর্গাপুজোর মণ্ডপে বধূর নৃত্য পরিবেশনে আপত্তি জানিয়েছিলেন শ্বশুর। তার জেরেই অশান্তি। পরিবারের সকলে বৃদ্ধের বিপক্ষে চলে যান। বৃদ্ধের এমন আপত্তিতে সায় ছিল না বধূর শাশুড়িরও। অভিযোগ, সেই নিয়ে অশান্তির জেরেই পরিবারের সকলে মিলে বৃদ্ধকে খুন করেন। মধ্যপ্রদেশের মৌগঞ্জ জেলার ওই ঘটনায় ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৌগঞ্জ জেলার বাসিন্দা ৬২ বছর বয়সি রামরতি বিশ্বকর্মার পুত্রবধূ পাড়ার পুজোমণ্ডপে নৃত্য পরিবেশনের পরিকল্পনা করছিলেন। বধূর সেই পরিকল্পনার কথা জানতে পেরেই আপত্তি জানান রামরতি। বধূর নৃত্য পরিবেশনায় গৃহকর্তা সায় না-দিতেই অশান্তি বাধে পরিবারে। স্থানীয় সূত্রে খবর, পরিবারের সদস্যদের মধ্যে একমাত্র শ্বশুরেরই আপত্তি ছিল বধূর নৃত্য পরিবেশনায়। তা নিয়ে অশান্তি চরমে ওঠে। এরই মধ্যে রামরতির নাতি কোদাল দিয়ে তাঁর উপর হামলা করেন। রামরতির স্ত্রী এবং পুত্রও তাঁর উপর চড়াও হন। শেষে স্ত্রী এবং পুত্র মিলে লাঠি দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা করেন বলে অভিযোগ।

ঘটনার কথা জানাজানি হতেই পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। প্রাথমিক তদন্তের পরে ইতিমধ্যে মৃতের স্ত্রী, পুত্র এবং নাতিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়ার পরে পুলিশি জেরায় ঘটনার কথা স্বীকারও করে নিয়েছেন তিনি অভিযুক্ত। যদিও যাকে কেন্দ্র করে গোটা ঘটনা, সেই বধূকে এখনও গ্রেফতার করা হয়নি। এই ঘটনায় তাঁরও কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement