দলিত যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উত্তরপ্রদেশের নয়ডায়। —প্রতীকী চিত্র।
উত্তরপ্রদেশের নয়ডায় এক দলিত তরুণকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে দিল্লির এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ২০ বছর বয়সি ওই তরুণের। মৃতের নাম অনিকেত যাদব। ওই হামলার ঘটনায় ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে বলে সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত হয়েছিল দিন দশেক আগে। গত ১৫ অক্টোবর জন্মদিন ছিল অনিকেতের। ওই রাতে বাড়ির কাছেই একটি জমিতে জন্মদিনের কেক কাটছিলেন তিনি। অভিযোগ, সেই সময়েই লোহার রড এবং হকি স্টিক নিয়ে অনিকেতের উপর হামলা করে একদল যুবক। ওই সময় অনিকেতের এক আত্মীয় সুমিতও তাঁর সঙ্গে ছিলেন। হামলাকারীরা দু’জনের উপরেই চড়াও হন বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পরে দু’জনকেই প্রথমে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁদের স্থানান্তর করানো হয় দিল্লির এক হাসপাতালে। সুমিত হাসপাতাল থেকে ছুটি পেলেও অনিকেতের অবস্থা ছিল আশঙ্কাজনক। শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর।
উত্তরপ্রদেশের রাবুপুরা এলাকার ওই ঘটনায় ইতিমধ্যে যুবরাজ এবং জিতু নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাবুপুরা থানা ওসি সুজিত উপাধ্যায় জানিয়েছেন, বাকি অভিযুক্তদেরও খোঁজ চলছে। সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ অনুসারে, অভিযুক্তেরা গত কয়েক সপ্তাহ ধরেই হুমকি দিচ্ছিলেন অনিকেতকে। তাঁর উদ্দেশে বিভিন্ন ভাবে অশ্লীল মন্তব্য করা হত বলেও অভিযোগ পরিবারের। পুলিশ জানিয়েছে, গত ১৫ অক্টোবরের ওই ঘটনায় প্রথমে মারধরের অভিযোগে মামলা রুজু করা হয়েছিল। পরে এফআইআরে খুনের ধারা যুক্ত করা হয়। হামলায় মোট সাত জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে নিহতের পরিবার। তবে এখনও পর্যন্ত দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ।