Ajit Pawar

অজিতের বিমানের ‘ব্ল্যাক বক্স’ নষ্ট নিয়ে প্রশ্ন

তাৎপর্যপূর্ণ ভাবে সুনেত্রার দাবি তোলার কিছু আগেই দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ব্ল্যাক বক্স কী ভাবে জ্বলে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিবসেনার উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৯
Share:

অজিত পওয়ার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তাঁর মৃত্যু ঘিরে গোড়া থেকেই নানা রহস্য তৈরি হয়েছে। রাজনীতির অনেকের মতে, ষড়যন্ত্রের শিকার হয়েছেন মহারাষ্ট্রের প্রয়াত উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। এ নিয়ে যাবতীয় সংশয় দূর করতে আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের কাছে সিবিআই তদন্তের দাবি জানালেন অজিতের স্ত্রী সুনেত্রা পওয়ার। ঘটনাচক্রে যিনি স্বামীর মৃত্যুর পরে রাজ্যের উপমুখ্যমন্ত্রী হয়েছেন।

তাৎপর্যপূর্ণ ভাবে সুনেত্রার ওই দাবি তোলার কিছু আগেই দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ব্ল্যাক বক্স কী ভাবে জ্বলে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিবসেনার উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত। তাঁর কথায়, ‘‘দুর্ঘটনার কুড়ি বছর পরেও অক্ষত ভাবে ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে। ওই বক্স এমন পদার্থ দিয়ে তৈরি হয় যে, আগুন বা জলে কোনও ক্ষতি হয় না।’’ রাউতের প্রশ্ন, ‘‘তা হলে এ ক্ষেত্রে কী ভাবে আগুনে জ্বলে গেল ওই ব্ল্যাক বক্স? তা হলে পওয়ার পরিবারের সদস্য রোহিত পওয়ার যে ষড়যন্ত্রের কথা বলেছেন, তা কি ঠিক?’’

গত কালই রোহিত পওয়ার দাবি করেছিলেন, সে দিন পুণায় এক বড় মাপের নেতার সঙ্গে দেখা করার কথা ছিল অজিতের। রাজনীতির অনেকের মতে, কাকা শরদ পওয়ারের সঙ্গে হাত মিলিয়ে পওয়ার-পরিবারকে এক জোট করার পরিকল্পনা ছিল অজিতের। এই আবহে দুর্ঘটনার দিনে মুম্বই থেকে পুণে অজিতের সড়কপথে আসা চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে তা বাতিল করে বিমানে করে আসার সিদ্ধান্ত নেওয়া হয়।

কার পরামর্শে, কেন শেষ মুহূর্তে ওই পরিবর্তন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রোহিত। তার পরেই আজ সুনেত্রা একটি প্রতিনিধি দল নিয়ে স্বামীর মৃত্যুর তদন্ত সিবিআইকে দিয়ে করানোর জন্য দেবেন্দ্রের কাছে দাবি জানান। যা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন