— প্রতীকী চিত্র।
কিছু একটা ঘটেছে খবর পেয়ে দিল্লির সুলতানপুরীরে একটি বাড়িতে পৌঁছোয় পুলিশ। গিয়ে দেখে, ঘরের মধ্যে পড়ে রয়েছেন মহিলা। পাশের ঘরেই রয়েছেন স্বামী। সূত্রের খবর, পুলিশ কিছু বোঝার আগেই মহিলার ১০ বছরের পুত্র জানায়, বাবা তাঁর মাকে ‘খুন’ করেছেন। ঝগড়ার কারণেই ৩৫ বছরের মহিলাকে গলায় রুমাল পেচিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।
পিটিআই সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে থানায় ফোন আসে। পুলিশকে জানানো হয়, সুলতানপুরীর একটি বাড়িতে খুব ঝামেলা চলছে। খবর পেয়ে সেখানে পৌঁছোয় পুলিশ। দেখে, একটি ঘরে পড়ে রয়েছেন মহিলা। তাঁর গলায় জড়ানো রয়েছে একটি রুমাল। পাশে ঘরে মত্ত অবস্থায় ছিলেন তাঁর স্বামী। মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এর পরেই মহিলার স্বামী অনিলকে গ্রেফতার করে পুলিশ। তিনি পেশায় গাড়ির চালক। তাঁদের দুই পুত্র রয়েছে। বড় জনের বয়স ১৩ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার পুত্র জানায়, ঝগড়ার সময়ে তাঁর মাকে ‘খুন’ করেন তাঁর বাবা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। মনে করা হচ্ছে, সেই সূত্রেই মহিলাকে খুন করা হয়েছে।