Delhi Riot Case 2020 Verdict

জামিন হল না উমর খালিদ ও শারজিল ইমামের! দিল্লি হিংসা মামলায় বাকি পাঁচ অভিযুক্তের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টে

দিল্লি হিংসা মামলায় উমর খালিদ এবং শারজিল ইমামের জামিনের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। পরে জামিনের জন্য নতুন করে আবেদন জানাতে পারবেন তাঁরা। তবে এই মামলার বাকি পাঁচ অভিযুক্ত সোমবার জামিন পেয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১১:১৫
Share:

(বাঁ দিকে) উমর খালিদ এবং শারজিল ইমামের (ডান দিকে) জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ এবং শারজিল ইমামের জামিন হল না। দিল্লি হিংসা মামলায় দু’জনের আর্জিই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাঁদের জামিনের আর্জির শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে। তবে এই মামলায় অভিযুক্ত বাকি পাঁচ জনের জামিন সোমবার মঞ্জুর করেছে শীর্ষ আদালত।

Advertisement

আদালত জানিয়েছে, উমর এবং শারজিল চাইলে অন্তত এক বছর পর ফের জামিনের জন্য আবেদন করতে পারবেন। তা ছাড়া, এই মামলার সুরক্ষিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ এখনও সম্পন্ন হয়নি। তা যদি এক বছরের আগেই শেষ হয়, তবে আগেই ফের জামিনের জন্য আবেদন জানাতে পারবেন উমর এবং শারজিল। আদালত এ-ও জানিয়েছে, আগামী দিনে এই দুই অভিযুক্ত নতুন করে জামিনের আবেদন করলে তা নতুন হিসাবেই গ্রাহ্য হবে। সোমবারের রায় দ্বারা সেই আবেদনের রায় প্রভাবিত হবে না।

উমর ও শারজিলের জামিন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভারতীয় সংবিধানে ব্যক্তিস্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া হয় ঠিকই, তবে তা জাতীয় নিরাপত্তা বা আইনশৃঙ্খলার উদ্বেগের ঊর্ধ্বে নয়। জামিন মঞ্জুর করা হয়েছে গুলফিশা ফতিমা, মীরান হায়দার, শিফাউর রহমান, মহম্মদ শাকিল খান এবং শাদাব আহমেদের। আদালত জানিয়েছে, এই পাঁচ জনের বিরুদ্ধে যা অভিযোগ, উমর এবং শারজিলের চেয়ে তা আলাদা। সকলের বিরুদ্ধে অভিযোগ সমান হিসাবে দেখা ঠিক হবে না।

Advertisement

২০২০ সালের দিল্লি হিংসা মামলায় উমর এবং শারজিলকে অন্যতম মূল ষড়যন্ত্রকারী বলে দাবি করেছে দিল্লি পুলিশ। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) তাঁদের গ্রেফতার করা হয়েছে। প্রায় ছ’বছর ধরে তাঁরা জেল খাটছেন। হিংসার ঘটনায় তাঁদের ভূমিকা কতটা ছিল, আদৌ ছিল কি না, তা সোমবারের শুনানিতে বিচার্য বিষয় ছিল না। সোমবার কেবল উমরদের জামিনের আবেদনটি বিচার করে দেখেছে আদালত। বিচারপতি কুমার এবং বিচারপতি অঞ্জরিয়ার বেঞ্চের পর্যবেক্ষণ, দিল্লি হিংসার পরিকল্পনা এবং ষড়যন্ত্রে যে ভাবে উমর ও শারজিলের কেন্দ্রীয় ভূমিকার কথা বলা হয়েছে, তার ভিত্তিতে জাতীয় নিরাপত্তার উদ্বেগ বিচার-পূর্ব দীর্ঘ কারাবাসের উদ্বেগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

দিল্লির হিংসা মামলায় উমর ও শারজিলের বিরুদ্ধে যে তথ্যপ্রমাণ তুলে ধরা হয়েছে, তাতে প্রাথমিক ভাবে আদালত সন্তুষ্ট। পরিকল্পনা ও ষড়যন্ত্রে তাঁদের যোগ থাকার ইঙ্গিতই মিলেছে ওই সমস্ত তথ্যপ্রমাণ থেকে। আদালত জানায়, জামিনের আবেদনের মূল্যায়নে সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

Advertisement

২০২০ সালের ফেব্রুয়ারির শেষপর্বে দিল্লিতে সিএএ বিরোধী বিক্ষোভ চলাকালীন গোষ্ঠীহিংসার ঘটনা ঘটেছিল। তাতে ৫৩ জন নিহত হয়েছিলেন। তাতেই উমর ও শারজিলকে ষড়যন্ত্রকারী বলে দাবি করেছে দিল্লি পুলিশ। এর আগে উমরদের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লি হাই কোর্ট। পরে তাঁরা শীর্ষ আদালতের দ্বারস্থ হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement