Hand care Tips

বাসন মাজা থেকে বার বার হাত ধোয়ায় ত্বক খসখসে হয়ে যাচ্ছে? রয়েছে সহজ সমাধান

ঘরে-বাইরে কাজ করতে করতে, বার বার হাত ধোয়ার ফলে, তালু খসখসে হয়ে যাচ্ছে? সহজ কয়েকটি পদ্ধতিতেই মিলবে সমাধান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৪ ১৪:২৪
Share:

বাসন মাজতে গিয়ে তালু খসখসে হয়ে যাচ্ছে? —প্রতীকী ছবি।

গৃহস্থের কাজে সাহায্যের জন্য লোক থাকলেও, টুকিটাকি বাসন মাজা, কখনও বেসিন পরিষ্কার নিজেকেই করে নিতে হয়। আবার চিকিৎসকেররাই বলছেন, সুস্থ থাকতে হাত ধোয়া জরুরি। সাবান দিয়ে হাত ধুলে তবেই জীবাণু দূর হয়। ফলে কখনও ঘরের কাজ, কখনও বার বার সাবান দিয়ে হাত ধোয়ার ফলে হাতের তালু খসখসে হয়ে যায়। হাতের উপরিভাগ রুক্ষ হয়ে গিয়ে খড়ি ফোটে।

Advertisement

মুখে-চোখে জেল্লা থাকলেও, খসখসে ত্বক, ভাঙা নখ মোটেই দেখতে ভাল লাগে না। তবে কয়েকটি বিষয় মাথায় রাখলে সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

গ্লাভ্‌স

Advertisement

বেশি বাসনকোসন ধুতে হলে অবশ্যই ভাল মানের গ্লাভ্‌স ব্যবহার করতে পারেন। এর একাধিক সুবিধা। নখ কেটে নেলপালিশ পরেছেন। জল-সাবানে নখ নষ্ট হওয়া থেকে বাঁচাবে। ঠান্ডা লেগে সর্দিকাশি হলে, সরাসরি জল ঘাঁটতে হবে না। পাশাপাশি বাসন মাজার সময় সাবানের বা স্নানঘর পরিষ্কারের সময় ক্ষতিকর রাসায়নিক সরাসরি হাতে লাগবে না।

মৃদু সাবান

Advertisement

অনেক সময় তরল সাবান দিয়ে বার বার হাত ধোয়ার ফলে হাত রুক্ষ হয়ে যায়। অনেকের হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহারেও হাতে ছাল ওঠে। অথচ বাইরে থেকে এসে, খাওয়ার আগে হাত ধোয়া জরুরি। অনেক সময় তরল সাবানে থাকা রাসায়নিকের কারণে ত্বক রুক্ষ হয়ে যায়। এ ক্ষেত্রে মৃদু সাবান ব্যবহার করতে পারেন।

তেল

রান্নাঘরেই একটি পাত্রে নারকেল বা অলিভ অয়েল রেখে দিতে পারেন। বাসন মাজতে হলে বা বেসিন পরিষ্কার করতে হলে তার পরেই কয়েক ফোঁটা তেল হাতের আঙুলে ও তালুতে ভাল করে মেখে নিন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। খসখসে হবে না হাত।

খাবার

ত্বক ভাল রাখতে ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার, পর্যাপ্ত জল খাওয়া জরুরি। তাই খাবার তালিকায় ফল, সব্জি, প্রোটিন, ভিটামিন সবই যেন থাকে দেখা দরকার। পর্যাপ্ত জল খেলে শরীর যেমন ভাল থাকে, ত্বকও আর্দ্র থাকে।

হাতের যত্ন

সপ্তাহে এক দিন বা দু’দিন ঘরোয়া ফেস প্যাকে শুধু তালু বা আঙুল নয়, হাত থাকবে সুন্দর। হাত দিয়েই যত কাজ। তাই হাতের যত্ন খুব জরুরি।

দই ও বেসন

৫ চামচ টক দই ও ৫ চামচ বেসন মিশিয়ে পুরো হাতে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের ময়লা উঠে যাবে। পাশাপাশি হাত নরম হবে।

অ্যালো ভেরা ও মধু

অ্যালো ভেরা ত্বকের জন্য খুব ভাল। এতে থাকে প্রদাহনাশক উপাদান, ভিটামিন। মধু কালচে ভাব দূর করে ত্বককে ময়েশ্চারাইজ় করে। ৪ চা-চামচ অ্যালো ভেরা, ১ চা-চামচ হলুদ ও ১ চা-চামচ মধু মিশিয়ে হাতে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে জল দিয়ে হালকা ঘষে মিশ্রণটি তুলে দিন। এতে হাতের জেল্লা ফিরবে, কালচে ভাব উধাও হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement