পুরনো স্মার্টফোন বদলানোর আগে কোন কোন কাজ করা জরুরি? ছবি: ফ্রিপিক।
পুরনো অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করবেন বলে ভাবছেন। পছন্দ করে নতুন মডেলের ফোনও কিনেছেন। কিন্তু পুরনো মোবাইল বিক্রির আগে সাবধান হতে হবে। হাতবদলের আগে ফোনে কিছু বদল করে নেওয়া খুব জরুরি। না হলে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে। সামান্য ভুলে গোপন তথ্য চলে যেতে পারে হ্যাকারদের কব্জায়।
পুরনো ফোন হাতবদলের আগে কী কী সতর্কতা নেবেন?
ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য মুছুন
ব্যাঙ্কের লেনদেনের তথ্য, ইউপিআইয়ের পাসওয়ার্ড মুছে দিন। ই-ব্যাঙ্কিং যদি ফোন থেকে করেন, তা হলে ফোন থেকে সমস্ত পূর্ব ইতিহাস মুছে ফেলুন। কারণ এই সব অন্য কারও হাতে গেলে লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য ফাঁস হয়ে যাবে।
ক্রেডিট ও ডেবিট কার্ডের নম্বর মুছে দিন
অনেকেই ফোনে ক্রেডিট বা ডেবিট কার্ডের নম্বর, পিন সেভ করে রাখেন। পুরনো ফোন বেচার আগে তা মুছে দিন। ইউজ়ার আইডি থাকলে সেটিও ডিলিট করে দিন।
কল রেকর্ড, মেসেজ ভুলেও রাখবেন না
এখনকার স্মার্টফোনগুলিতে কল লিস্ট, মেসেজ ইত্যাদি সব কিছুর ব্যাকআপ থাকে। তাই নিজের ব্যক্তিগত তথ্য যাতে অন্যের হাতে না যায়, সে জন্য কল রেকর্ড, মেসেজ সব মুছে দিন। তার আগে এই সবের ব্যাকআপ গুগ্ল ড্রাইভে রেখে দিতে পারেন।
সিম কার্ড বার করেছেন তো?
অনেকেই পুরনো ফোন বিক্রির আগে সিমকার্ড বা মেমরি কার্ড বার করেন না। নতুন সিম নিলে পুরনোটি থাকা অবস্থাতেই ফোন বেচে দেন। এতে সিম তো বেহাত হতেই পারে, পাশাপাশি মেমরি কার্ডে থাকা যাবতীয় তথ্যও ডার্ক ওয়েবে চলে যেতে পারে।
অ্যাকাউন্ট বন্ধ করুন
গুগ্ল তো বটেই, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম-সহ যা যা অ্যাপ ব্যবহার করেন তার সব ক’টি অ্যাকাউন্ট থেকে লগ আউট করুন। যাবতীয় সমাজমাধ্যম থেকেও লগ আউট করতে হবে। সব অ্যাকাউন্ট বন্ধ করার পরে ফোনের সেটিংয়ে গিয়ে ‘ইরেজ় অল ডেটা’ বা ‘ফ্যাক্টরি ডেটা রিসেট’ করে নিন। এতে তথ্য চুরির ভয় থাকবে না।