মোবাইল ভর্তি মেসেজ, ছবি, ভিডিয়ো। সে সব পরিষ্কার করবেন কী ভাবে? ছবি: এআই সহায়তায় প্রণীত।
ঘরদোর পরিষ্কার করেন নিয়ম করে, জামাকাপড়ও কাচতে হয়, গোছগাছের দরকার হয় কাজের টেবিল থেকে হেঁশেলও। তা হলে স্মার্ট ফোনটিই বা বাদ যাবে কেন? নিয়ম করে তার মধ্যে জমে থাকা অপ্রয়োজনীয় জিনিসও খালি করা দরকার। ১-২ বছর যেতে না যেতেই মেসেজ, ভিডিয়ো, ছবির মেমোরির সিংহভাগ ভরে যায়। মোবাইল ‘স্লো’ হয়ে গেলে বা ছবি তোলার জায়গাও না থাকলে, তখনই সকলের টনক নড়ে। শুরু হয় খালি করার প্রক্রিয়া। এই আর এক সমস্যা। নিজে হাতে তোলা বহু ছবি, ভিডিয়ো রয়েছে ফোন। কোনটি ছেড়ে কোনটি বাদ দেবে? তা ছাড়া, সে সব খালি করতে বসা মানে দিনটাই শেষ। এর এক সহজ সমাধান বাতলাচ্ছেন মোবাইলের প্রযুক্তি নিয়ে চর্চাকারীরা। যদি প্রতি দিন নিয়ম করে ১০ মিনিট ফোন পরিষ্কারে দেওয়া যায়, তাহলেই সহজ হবে কাজটি।
কৌশল ১: পুরো বাড়ি একদিনে পরিষ্কার করা ঝক্কির, বদলে একটি ঘর বেছে নেওয়া ভাল। মোবাইলের ক্ষেত্রেও তাই। যদি একদিন ছবি বাছাই করতে বসেন, সে দিন সেইটাই করুন। ক্যামেরায় তোলা ছবি ছাড়াও হোয়াটস অ্যাপ বা অন্য অ্যাপ মারফত আসা ছবি, ফোনে জমতে থাকে। থাকে একাধিক স্ক্রিন শটও। বেছে নিন কোনটি দরকার, কোনটি নয়। বাতিল করা যাচ্ছে না এমন বড় ফাইলের ছবি-ভিডিয়ো এসডি কার্ডে বা অন্য ডিভাইসে সরিয়ে দিতে পারেন।
কৌশল ২: হোয়াটস অ্যাপের ক্ষেত্রে ছবি-ভিডিয়ো বেছে বেছে ডিলিট করা সময় সাপেক্ষ। তা ছাড়া, কাজের প্রয়োজনে নিয়মিত ছবি-ভিডিয়ো পাঠাতে হয় এমন অনেকে থাকেন সংযোগ তালিকায়। প্রয়োজনমতো ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ়’ পন্থাটি চালু করে রাখতে পারেন বিশেষ বিশেষ নম্বরের ক্ষেত্রে। ২৪ ঘণ্টা, ৯০ দিন— এমন সময় সীমা নির্দিষ্ট করে রাখলে, তার পর ছবি-ভিডিয়ো নিজে থেকেই ডিলিট হয়ে যাবে।
কৌশল ৩: কাজের জন্য অনেক ধরনের অ্যাপ ডাউনলোড করা হলেও, সব অ্যাপ সব সময় কাজে লাগে না। অব্যবহৃত অ্যাপগুলিও পরিষ্কার করে নিন। মোবাইলে জমে থাকা জাঙ্ক ফাইল এবং ক্যাশেও পরিষ্কার করুন নিয়মিত।
কৌশল ৪: প্রতি দিন অজস্র কাজের ই-মেল যেমন আসে, স্বয়ংক্রিয় ভাবে বিভিন্ন সংস্থার ইমেলও ঢুকতে থাকে। অপ্রয়োজনীয় মেল পরিষ্কার করাটাও জরুরি। সপ্তাহে অন্তত ২দিন এই কাজে বরাদ্দ করতে পারেন। জুড়তে পারেন এসএমএস ডিলিটের কাজটিও।
কৌশল ৫: গান, সিনেমা, সিরিজ় অনেকেই সময়মতো দেখবেন বলে মোবাইলে রেখে দেন। পরে দেখা হলেও সেটি ডিলিট করা হয় না। ফোন পরিষ্কারের তালিকায় এগুলিও রাখুন।