আবার টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। পর পর দু’বার। রবিবার সূর্যকুমার যাদবের দল ফাইনালে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে ট্রফি জিতেছিল ভারত। তার পর ফের বিশ্বসেরার মুকুট ভারতীয় পুরুষদের ক্রিকেটে।
রবিবার রাতে ভারতের জয় এক সূত্রে গেঁথেছে সারা দেশকে। খেলার শেষে পুরস্কার বিতরণীর পর মাঠেই যেমন আনন্দে নাচতে দেখা গেছে সুনীল গাওস্কর, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, অভিষেক শর্মাদের, তেমনই তাঁদের জয় উদ্যাপন করতে রাতের বেলাতেই রাস্তায় নেমেছিলেন ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ।
সেই উদ্যাপনে যেমন পতাকা উড়ল, তেমনই চলল আবির-আতশবাজির খেলা। সঙ্গে লাখ লাখ হাসিখুশি মুখ। আনন্দে মাতল কচিকাঁচারাও। রইল মাঠ এবং মাঠের বাইরের উল্লাসের বিভিন্ন মুহূর্তের ছবি।
বর্তমানের সঙ্গে আনন্দের নাচ প্রাক্তনীর। নবীনের সঙ্গে উদ্যাপন প্রবীণের। ম্যাচ জয়ের পর মাঠের মধ্যেই নেচে মাতালেন অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সুনীল গাওস্কর।
জুটিতে নাচ। বরুণ চক্রবর্তীর সঙ্গে নাচছেন অভিষেক শর্মা। পাশ থেকে উৎসাহ জোগাচ্ছেন কুলদীপ যাদব-ঈশান কিশনেরা।
‘ভাঙড়া পা লে’। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর মাঠের মাঝখানে ভাঙড়া নাচছেন অভিষেক, ঈশান এবং অর্শদীপ সিংহ।
সন্তানকে কোলে তুলে নিয়ে আনন্দে মাতলেন অক্ষর পটেল। পিছনে নাচছেন তিলক বর্মা।
হ্যাঁ, আমরাই বিশ্বচ্যাম্পিয়ন। দু’হাত তুলে আনন্দ করছেন অর্শদীপ এবং অভিষেক। যেন জয়ের বার্তা দিচ্ছেন সারা বিশ্বকে।
চোখে চশমা, গলায় দেশের পতাকা জড়িয়ে জয়ের উল্লাস করছেন হার্দিক।
কারও হাতে গদা, কারও হাতে পতাকা। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয় উদ্যাপন করছেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ক্রিকেটপ্রেমীরা।
জনসমুদ্র। প্রয়াগরাজের রাস্তায় থিকথিকে ভিড়। ভারতের জয়ের পর আতশবাজি পুড়িয়ে, পতাকা উড়িয়ে আনন্দে মেতেছেন সাধারণ মানুষ।
রাজধানীতে রাজকীয় উদ্যাপন। নয়াদিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে রঙিন ধোঁয়া উড়িয়ে, হাত উপরে তুলে নাচছেন ক্রিকেটপ্রেমীরা।
টি-টোয়েন্টি ক্রিকেটে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। বাবার কাঁধে চেপে পতাকা উড়িয়ে উদ্যাপনের শরিক হল কিশোরী।
লহেরা দো। নয়াদিল্লিতে ভারতের জার্সি গায়ে দেশের পতাকা ওড়াচ্ছেন এক ক্রিকেটপ্রেমী তরুণ। চোখেমুখে আনন্দ-আত্মবিশ্বাসের ছাপ।
জয়ের উল্লাসে আতশবাজির প্রদর্শন হবে না, তা হয়! দিল্লিতে গাড়ির ছাদ খুলে তুবড়ি-বন্দুক জ্বালিয়ে ভারতের বিশ্বকাপ জয় উদ্যাপন করছেন কয়েক জন তরুণ-তরুণী।
হাসছি মোরা হাসছি দেখো। জয়পুরের রাস্তায় ভারতের বিশ্বচ্যাম্পিয়ন হওয়া উদ্যাপন করছেন কচিকাঁচা থেকে যুবক, প্রৌঢ় ক্রিকেটপ্রেমীরা। সকলের মুখেই চওড়া হাসি।
আমরাই যুব-ভারত। গায়ে-মুখে ভারতের পতাকা এঁকে, হাতে পতাকা নিয়ে উচ্ছ্বাস মুম্বইয়ের ক্রিকেটভক্তদের। ওড়ানো হয়েছে বেলুনও।
জেসিবি চড়ে জয় উদ্যাপন। পটনায় পতাকা, রঙিন ধোঁয়া, তুবড়ি বন্দুক নিয়ে বিজয়োল্লাস তিন যুবকের।
স্বস্তির হাসি। আতশবাজি নিয়ে ভারতের ক্রিকেট দলের গুণগানে মেতেছেন পটনার মানুষ। সেই আতশবাজির পাশ দিয়েই কাঁধে পতাকা নিয়ে হাসতে হাসতে চলেছেন এক ক্রিকেটপ্রেমী।
দেখ কেমন দিলাম! নাগপুরে পতাকা নিয়ে, ভুভুজেলা বাজিয়ে উল্লাস খুদের। পিছনে নাচে মেতে অন্যেরাও।
রাস্তায় আতশবাজির চারদিকে গোল হয়ে দাঁড়িয়ে উল্লাস লখনউবাসীর। চোখে-মুখে শান্তির হাসি। দু’হাত তুলে নাচছেন তাঁরা।