প্রেমের মিষ্টিমুখ! ছবি : সংগৃহীত।
প্রেমের সপ্তাহ মানুন বা না মানুন, পছন্দের মানুষের জন্য যে এই সপ্তাহে বিশেষ কিছু করার একটু বাড়তি সুযোগ পাওয়া যায়, সে কথা না মেনে উপায় নেই।
সংসারের নানা চাপে, স্বামী-সন্তান-কর্মক্ষেত্র সামলে যে মানুষটি রোজ গলদঘর্ম হয়ে যান, যাঁর কথা প্রতি মুহূর্তে মাথায় থাকলেও আলাদা করে কিছু জানানো হয় না, তাঁর হাতে আচমকা একখানি লাল গোলাপ, চকোলেটের বার কিংবা একটি টেডি বিয়ার তুলে দেওয়ার কথা তো এই সময়ে এক বারের জন্যও মনে হতেই পারে।
একই ভাবে যে মানুষটি উদয়াস্ত উপার্জনের কথা ভাবছেন কেবল প্রিয়জনের চাহিদা মেটাবেন বলে, তাঁকেও একটি গোলাপ দিয়ে বা চকোলেট খাইয়ে আলাদা করে বোঝানো যায় না প্রেমের কথা। গিমিক হলেও প্রেমের সপ্তাহ সেই না বলা প্রেম প্রকাশের ক্ষেত্র তৈরি করে। আর এমন সময়ে প্রিয় মানুষটির জন্য গোলাপ, চকোলেট বা টেডি যদি একান্তই ছকে বাঁধা বলে মনে হয়, তবে নিজে হাতে বানিয়ে তাঁকে মিষ্টিমুখ করাতে পারেন।
প্রেমের সপ্তাহের জন্য তেমনই এক মিষ্টির রেসিপি দিলেন এক শখের রাঁধুনি। মিষ্টির নাম রোজ় খারভাস। এটি বানানো যাবে সহজেই। গোলাপের তোড়া আর চকোলেট একান্তই ‘বেশি’ মনে হলে গোলাপের সুগন্ধে ভরা এই মিষ্টি সাজিয়ে দিতে পারেন সঙ্গীকে।
কী ভাবে বানাবেন রোজ় খারভাস?
যা লাগবে— ২ কাপ জল ঝরানো দই
১ কাপ দুধ
আধ কাপ গুঁড়ো দুধ
আধ কাপ কনডেন্সড মিল্ক (স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন)
১ টেবিল চামচ রোজ় সিরাপ
১০-১২টি শুকনো গোলাপের পাপড়ি
আধ চা চামচ ছোট এলাচ গুঁড়ো
আধ চা চামচ ঘি
প্রণালী— ব্লেন্ডারে জল ঝরানো দই, দুধ, গুঁড়ো দুধ, কনডেন্সড মিল্ক এবং রোজ় সিরাপ দিয়ে ভাল ভাবে ব্লেন্ড করে নিন।
একটি স্টিলের পাত্রে ওই মিশ্রণটি ঢেলে তার উপরে ছড়িয়ে দিন ছোট এলাচ গুঁড়ো এবং গোলাপের শুকনো পাপড়ি। একটি ফয়েল পেপারে পাত্রের মুখ ভাল ভাবে মুড়িয়ে প্রায় ২৫-৩০ মিনিট ভাপিয়ে নিন।
ভাপানোর সময় জল ফুটিয়ে নিয়ে মাঝারি আঁচে বাকি রান্না করতে হবে। আর যে পাত্রে জল ফুটিয়ে ভাপাচ্ছেন, তার থেকে জল যেন কোনও ভাবেই মিষ্টির পাত্রের ভিতরে না ঢোকে।
আধ ঘণ্টা পরে একটি ছুরি মিষ্টির পাত্রে ঢুকিয়ে পরীক্ষা করুন। পরিষ্কার বেরিয়ে এলে বুঝবেন হয়ে গিয়েছে। এর পরে টুকরো টুকরো করে বরফির মতো কেটে নিন।
সুন্দর দেখতে একটি প্লেটে বরফিগুলো রেখে উপরে টাটকা গোলাপের পাপড়ি ছড়িয়ে পরিবেশন করুন পছন্দের মানুষটিকে।