Curd Bhindi Recipe

হড়হড়ে সব্জি না-পসন্দ? কিন্তু দই ও ঢেঁড়সের মাখা মাখা রান্না খেলে বদলে ফেলবেন আপনার ধারণা

টক দই দিয়ে ঢেঁড়সের রান্না দেশের নানা অংশে ভিন্ন ভিন্ন নামে খ্যাত। গ্রীষ্মপ্রধান দেশে ঢেঁড়সের এই পদ তৃপ্তি সহকারে খান অনেকেই। রইল দই ও ঢেঁড়সের সেই রান্নার সহজ রেসিপি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১১:২৫
Share:

দই ও ঢেঁড়সের পদ। ছবি: এআই সহায়তায় প্রণীত।

লাউ, ঝিঙে, ঢেঁড়স, পটলেরই রাজত্ব চলছে বাজার জুড়ে। গরমের সময়ে রকমারি সব্জি দিয়ে হালকা ও সুস্বাদু পদের চাহিদাই বেশি। টক দই দিয়ে ঢেঁড়সের রান্না দেশের নানা অংশে ভিন্ন ভিন্ন নামে খ্যাত। গ্রীষ্মপ্রধান দেশে ঢেঁড়সের এই পদ তৃপ্তি সহকারে খান অনেকেই। যাঁদের ঢেঁড়সের মতো হড়হড়ে সব্জি পছন্দ নয়, তাঁদেরও জিভে জল আনা এই রান্না ভাল লাগতে পারে। রইল দই ও ঢেঁড়সের সেই রান্নার সহজ রেসিপি।

Advertisement

উপকরণ

২ চা চামচ সর্ষের তেল

Advertisement

১টি শুকনো লঙ্কা

২টি কাঁচালঙ্কা

এক চিমটে গোটা জিরে

২ টেবিল চামচ টক দই

৩০০ গ্রাম কচি ঢেঁড়স ২৫০ গ্রাম

আধ চা চামচ হলুদগুঁড়ো

আধ চা চামচ জিরেগুঁড়ো

আধ চা চামচ ধনেগুঁড়ো

আধ চা চামচ কাশ্মিরী লঙ্কাগুঁড়ো

১ চা চামচ চিনি

স্বাদমতো নুন

প্রণালী

একটি বাটিতে টক দই, হলুদগুঁড়ো, ধনেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো আর চিনি দিয়ে ফেটিয়ে নিতে হবে। মিশ্রণটি যেন মিহি হয়। অন্য দিকে ঢেঁড়সগুলি ধুয়ে নিয়ে সমান সমান মাপে কেটে নিতে হবে, তবে যেন খুব ছোট না হয়।

এ বার কড়াইয়ে তেল গরম করুন। তাতে কেটে রাখা ঢেঁড়সগুলি ভাজতে দিন। অল্প নুন ও হলুদ দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। খানিক ক্ষণ ঢাকা দিয়ে রাখুন, যাতে ঢেঁড়সগুলি নরম হয়ে যায়। ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখুন ঢেঁড়সগুলি।

একই কড়াইয়ে আবার অল্প তেল দিয়ে তাতে শুকনোলঙ্কা ও জিরে ফোড়ন দিন। তার পর ফেটিয়ে রাখা দই ও মশলার মিশ্রণ ঢেলে দিন কড়াইয়ে। কষানোর সময়ে অল্প নুন দিয়ে আঁচ কমিয়ে দিন। এতে দু’টি কাঁচালঙ্কা চিরে দিয়ে দিন। দই থেকে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা ঢেঁড়স মিশিয়ে দিন। মিনিট কয়েক নাড়াচাড়া করে মশলার বাটি ধোয়া অল্প জল ঢেলে দিন কড়াইয়ে।

এ বার কড়াই ঢাকা দিয়ে ফুটতে দিন। গ্রেভি বেশি চাইলে বেশি ক্ষণ ফোটাবেন না, কিন্তু মাখা মাখা দই-ঢেঁড়স খেতে চাইলে ভাল করে ফুটিয়ে নিতে হবে। রান্না হয়ে গেলে গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement