Summer Special Recipes

আম খেয়ে খোসা ফেলে দিচ্ছেন? পাকা আমের খোসা ব্যবহার করেই বানিয়ে ফেলুন ৩ রকম সুস্বাদু ‌খাবার

আমের খোসা ফেলে না দিয়ে ব্যবহার করে ফেলতে পারেন নানা কাজে। রান্নার স্বাদ বাড়ানোই হোক বা নতুন কোনও পদ, খোসার ব্যবহারের শেষ নেই। জেনে নিন, কী কী ভাবে ব্যবহার করা যায় আমের খোসা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ২০:২৮
Share:

আমের খোসা দিয়েই বানিয়ে ফেলুন ৩টি রেসিপি। ছবি: সংগৃহীত।

বাজারে এখন আমের ছড়াছড়ি। বাজারের থলিতে আর কিছু থাকুক না থাকুক, আম থাকবেই। আম খেয়ে নেওয়ার পর খোসাগুলি ফেলে দেওয়াই দস্তুর। তবে এই খোসা ফেলে না দিয়ে ব্যবহার করতে পারেন নানা কাজে। রান্নার স্বাদ বাড়ানোই হোক বা নতুন কোনও পদ, খোসার ব্যবহারের শেষ নেই। জেনে নিন, কী কী ভাবে ব্যবহার করা যায় আমের খোসা।

Advertisement

আমের খোসার সব্জি: শুনতে অবাক লাগলেও আমের খোসাগুলিকে প্রেশার কুকারে সেদ্ধ করে তা দিয়ে সব্জি বানানো যেতে পারে। রাজস্থানের পরিবারগুলিতে আমের খোসার সব্জি খাওয়ার চল আছে। কড়াইতে তেল গরম করে রকমারি মশলা দিয়ে কষিয়ে আমের খোসা সেদ্ধ মিশিয়ে দেওয়া হয়। শেষে কুচি করা পাকা আম, আমচুরগুঁড়ো আর চিনি মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমের খোসার সব্জি।

আমের খোসা দিয়ে আচার: শুধু কাঁচা আম নয়, রোদে শুকিয়ে নেওয়া আমের খোসা দিয়েও আচার তৈরি করা যায়। ভিনিগার, নুন, চিনির সঙ্গে হরেক রকম মশলা দিয়ে কাচের শিশিতে ভরে রাখুন। কয়েক সপ্তাহ মজিয়ে নিলেই আচার রেডি। ভাত, পরোটা কিংবা খিচুড়ি দিয়ে খেতে বেশ লাগে।

Advertisement

আমের খোসার ক্যান্ডি: আমের খোসাগুলিকে ভাল করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। এ বার একটি পাত্রে চিনি আর জল গরম করে গাঢ় রস বানিয়ে নিন। সেদ্ধ করা আমের খোসাগুলি দিয়ে তত ক্ষণ ফোটান যত ক্ষণ না আমের খোসার গায়ে সমস্ত চিনির রস লেগে যাচ্ছে। এ বার একটি ট্রে-র উপর আমের খোসাগুলি দূরে দূরে ছড়িয়ে ঠান্ডা করে নিন। ঠান্ডা হলেই খোসাগুলি জমে ক্যান্ডির মতো খেতে লাগবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement