Solar Eclipse 2026

শুরু হয়ে গিয়েছে বছরের প্রথম সূর্যগ্রহণ! কখন দেখা যাবে ‘রিং অফ ফায়ার’? কোন কোন দেশ থেকে

গ্রহণের সময় সূর্যের ৮০ থেকে ৯৫ শতাংশ ঢেকে ফেলে চাঁদ। ফলে সূর্যের আলো স্তিমিত হয়। এর ফলে গ্রহণ হওয়ার ১০ থেকে ৩০ মিনিটের মধ্যে কমতে পারে তাপমাত্রা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৯
Share:

— প্রতীকী চিত্র।

বছরের প্রথম সূর্যগ্রহণ শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার ভারতীয় সময় দুপুর ৩টে ২৬ মিনিটে শুরু হয়েছে সেই বলয়গ্রাস গ্রহণ। আন্টার্কটিকা, দক্ষিণ গোলার্ধের কিছু অংশে ইতিমধ্যে প্রত্যক্ষ করা যাচ্ছে সেই গ্রহণ। তবে ভারত থেকে দেখা যাবে না গ্রহণ।

Advertisement

কখন হয় সূর্যগ্রহণ?

সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী। চাঁদ আবার তাকেই প্রদক্ষিণ করে চলে। এই অনবরত ঘূর্ণনের ফলে কখনও কখনও চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় চলে আসে। তখন হয় গ্রহণ। যদি ঘুরতে ঘুরতে চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝে চলে আসে, তখন পৃথিবী থেকে সূর্যের কিছু অংশ আর দেখা যায় না। সে সময় হয় সূর্যগ্রহণ।

Advertisement

আমেরিকার মহাকাশ গবেষণাকেন্দ্র নাসার বিজ্ঞানীরা বলছেন, সূর্যগ্রহণের সময় পৃথিবীর থেকে সবচেয়ে দূরের অবস্থানে আসে চাঁদ। মনে রাখতে হবে, চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলতে পারে না। যেহেতু পৃথিবী থেকে অনেকটাই দূরে, তাই তাকে তুলনায় একটু ছোটই দেখায়। পৃথিবী থেকে দেখলে মনে হয়, উজ্জ্বল কোনও ডিস্কের উপর বসানো রয়েছে কালো একটি ডিস্ক। সেই কালো ডিস্কের চারপাশ দিয়ে বিচ্ছুরিত হতে থাকে আলোর রেখা। ঠিক যেন একটা আগুনের আংটি। একেই বলে ‘অগ্নিবলয়’ বা ‘রিং অফ ফায়ার’।

কখন দেখা যাবে ‘রিং অফ ফায়ার’?

ভারতীয় সময় অনুসারে মঙ্গলবার দুপুর ৩টে ২৬ মিনিটে শুরু হবে গ্রহণ। শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে। ৪ ঘণ্টা ৩১ মিনিট ধরে চলবে গ্রহণ। ভারতীয় সময় বিকেল ৫টা ৪২ মিনিটে গ্রহণ হবে সর্বাধিক। তখন সূর্যের চারপাশে সেই অগ্নিবলয় দেখা যাবে ২ মিনিট ২০ সেকেন্ড ধরে।

গ্রহণের সময় কমবে তাপমাত্রা?

গ্রহণের সময় সূর্যের ৮০ থেকে ৯৫ শতাংশ ঢেকে ফেলে চাঁদ। ফলে সূর্যের আলো স্তিমিত হয়। এর ফলে গ্রহণ হওয়ার ১০ থেকে ৩০ মিনিটের মধ্যে কমতে পারে তাপমাত্রা। ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। শুষ্ক মরুভূমি অঞ্চলে তাপমাত্রা কমতে পারে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের গ্রহণের সময় দক্ষিণ আফ্রিকার ডারবান, কেপটাউন, জোহানেসবার্গে সামান্য কমতে পারে তাপমাত্রা। মরিশাসের পোর্ট লুইতেও কমতে পারে তাপমাত্রা।

মঙ্গলবারের এই গ্রহণ সবচেয়ে ভাল গ্রহণ দেখা যাবে আন্টার্কটিকায়। কনকর্ডিয়া, মিরনির গবেষণাকেন্দ্র থেকে তা ভাল ভাবে প্রত্যক্ষ করা যাবে। দক্ষিণ আফ্রিকা, তানজ়ানিয়া, জিম্বাবোয়ে, জাম্বিয়া থেকে আংশিক গ্রহণ দেখা যাবে। দক্ষিণ আমেরিকা, আর্জেন্টিনা এবং চিলের কিছু অংশেও দেখা যাবে গ্রহণ।

ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। কারণ, গ্রহণ যখন শুরু হবে, তখন ভারতে তা দিগন্তরেখার নীচে নেমে যাবে। তার কিছু ক্ষণের মধ্যেই হবে সূর্যাস্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement