ICC T20 World Cup 2026

আইসিসির সঙ্গে লাহৌরে ৫ ঘণ্টার বৈঠকে শুধু পাকিস্তান নয়, সুযোগ বুঝে তিন দাবি জানিয়ে এসেছে বাংলাদেশও

লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে আইসিসির আধিকারিকদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম। তিনিও তিনটি দাবি করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩১
Share:

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি (বাঁ দিকে) ও বাংলাদেশ বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েও বিশ্বকাপ সংক্রান্ত বিষয়ে বার বার ঢুকে পড়ছে বাংলাদেশ। পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে রবিবার লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে বৈঠক হয়েছে। সেখানে আইসিসির আধিকারিক, পাক বোর্ডের কর্তা ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম। পাঁচ ঘণ্টা ধরে বৈঠক হয়েছে তাঁদের মধ্যে। সেখানে পাকিস্তানের পাশাপাশি সুযোগ বুঝে বাংলাদেশও তিনটি দাবি করেছে আইসিসির কাছে।

Advertisement

‘টেলিকম এশিয়া স্পোর্ট’ জানিয়েছে, আইসিসির কাছে যে তিন দাবি আমিনুল করেছেন, সেগুলি হল—

১) বিশ্বকাপ খেলতে না পারায় বাংলাদেশের আর্থিক ক্ষতি হয়েছে। সেই ক্ষতিপূরণ করতে হবে আইসিসিকে। অর্থাৎ, আইসিসির কাছ থেকে বাংলাদেশ যে লভ্যাংশ পায়, তা বাড়াতে হবে।

Advertisement

২) বিশ্বকাপে না খেললেও বাংলাদেশকে ‘পার্টিসিপেশন ফি’ অর্থাৎ, বিশ্বকাপে অংশগ্রহণের পারিশ্রমিক দিতে হবে। তাদের দাবি, বিশ্বকাপ থেকে তাদের বাদ দিয়েছে আইসিসি। তারা নিজেরা সরে দাঁড়ায়নি। ফলে আইসিসিকে এই টাকা দিতে হবে।

৩) বাংলাদেশ আগামী দিনে নিজেদের দেশে আইসিসি প্রতিযোগিতা আয়োজন করতে চাইছে। আইসিসিকে জানাতে হবে, আগামী দিনে সেখানে কোন বড় প্রতিযোগিতা হতে পারে। আইসিসি প্রতিযোগিতা হলে বিশ্বকাপে না খেলায় যে আর্থিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে পারবে বাংলাদেশ।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ জানিয়েছে, আইসিসির আধিকারিকেরা জানিয়েছেন, তাঁরা ক্ষতিপূরণের বিষয়ে এখনই কিছু বলতে পারছেন না। কিন্তু আইসিসির লভ্যাংশের যতটা বাংলাদেশ পায় তার পুরোটাই তাদের দেওয়া হবে। তবে এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা আইসিসি সরকারি ভাবে কিছু জানায়নি।

রবিবার পাকিস্তানে যান আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা ও সহযোগী সদস্য দেশের প্রতিনিধি মুবাশির উসমানি। লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে পিসিবি কর্তাদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। আইসিসির সঙ্গে বৈঠকের আগে আমিনুলের সঙ্গে আলাদা করে বৈঠক করেন নকভি।

‘এনডিটিভি’ জানিয়েছে, বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের মধ্যে মতবিরোধ হয়েছে। কয়েক জন কর্তা প্রকাশ্যে জানিয়েছেন, তাঁরা বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ চান। কিন্তু নকভি আগের দাবিতেই অনড়। বৈঠকে আইসিসির প্রতিনিধিরা স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তান যদি ভারত-ম্যাচ বয়কট করে তা হলে কী কী সমস্যার মুখে পড়তে হবে তাদের। সেখানে আর্থিক সমস্যার পাশাপাশি নির্বাসনের আশঙ্কাও রয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে। কারণ, খেলা না হলে শ্রীলঙ্কা বোর্ডের আর্থিক ক্ষতি হবে। তারা জানিয়েছে, পাকিস্তানের মাটিতে তাদের ক্রিকেটারদের উপর জঙ্গি হামলার পরেও পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা। এ বার পাকিস্তানের পালা।

এই পরিস্থিতিতে সিদ্ধান্ত জানানোর জন্য আইসিসির কাছে সময় চেয়ে নিয়েছেন নকভি। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী শরিফের সঙ্গে আরও এক বার আলোচনা করবেন নকভি। জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজেদের সিদ্ধান্ত জানাতে পারে পাকিস্তান। তার আগে একটি সাংবাদিক বৈঠকও করতে পারেন নকভি। সেখানেই ভারত-পাক ম্যাচের ভবিষ্যৎ নিয়ে একটি ধারণা পাওয়া যেতে পারে।

‘ক্রিকবাজ়’ জানিয়েছে, পাকিস্তানও আইসিসির কাছে তিনটি শর্ত রেখেছে। সেই শর্তগুলি হল—

১) আইসিসির কাছ থেকে লভ্যাংশ বাবদ পাকিস্তান ক্রিকেট বোর্ড যে টাকা পায় তার পরিমাণ বাড়াতে হবে।

২) ২০০৮ সাল থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ় বন্ধ রয়েছে। সেই দ্বিপাক্ষিক সিরিজ় আবার চালু করতে হবে।

৩) এশিয়া কাপ থেকে ভারতীয় ক্রিকেটারেরা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করছেন না। ভারতীয় ক্রিকেটারদের করমর্দনে বাধ্য করতে হবে।

এই তিন শর্তের মধ্যে একমাত্র লভ্যাংশ বাড়ানো বাদে বাকি দুই শর্ত মানা অসম্ভব আইসিসির পক্ষে। কারণ, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ় বা করমর্দন, কোনওটাই আইসিসির উপর নির্ভর করে না। ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত সেগুলি। সেই সিদ্ধান্ত মেনে চলছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে তাতে হস্তক্ষেপের কোনও জায়গা আইসিসির নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement