বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।
আসল লোকের কাছ থেকেই এ বার প্রশংসা পেল বৈভব সূর্যবংশী। বুধবার সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট করার সময় ক্রিস গেলের ছক্কা মারার রেকর্ড ভেঙেছে বৈভব। নিজের রেকর্ড ভাঙা বৈভবের প্রশংসা শোনা গিয়েছে গেলের গলায়। তাকে নতুন নাম দিয়েছেন গেল।
বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য ‘ইউনিভার্স বস’-এর তকমা পেয়েছেন গেল। বৈভবকে এই বয়সেই নতুন তকমা দিয়েছে সম্প্রচারকারী চ্যানেল। ১৫ বছর বয়সি এই ক্রিকেটারকে ‘ইউনিভার্সাল বেবি বস’ বলা হচ্ছে। বুধবারের ইনিংসের পর বৈভবকে নিয়ে পোস্ট করেন গেল। সেখানে তিনি লেখেন, “বৈভব কী দুর্দান্ত একজন ক্রিকেটার। তোমার খেলা দেখতে দারুণ লাগে।” পাশাপাশি বৈভবকে ‘নিউ সিক্স মেশিন’ বা নতুন ছক্কা মারার যন্ত্র বলেও উল্লেখ করেছেন গেল। অর্থাৎ, রাজস্থানের ব্যাটারকে নিজের উত্তরসূরি বেছে নিয়েছেন তিনি।
আইপিএলের এক মরসুমে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছে বৈভব। আপাতত তার ছক্কার সংখ্যা ৬৫। শুক্রবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামবে সে। অন্তত আরও একটি ম্যাচ পাবে বৈভব। ফলে তার ছক্কার সংখ্যা আরও বাড়তে পারে। ২০১২ সালে ৫৯ ছক্কা মেরেছিলেন গেল। সেটাই ছিল এত দিন রেকর্ড। সেই রেকর্ড ভেঙে গিয়েছে।
বুধবার গেলের জোড়া রেকর্ড ভাঙতে পারত বৈভব। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে রাইজ়িং পুণে সুপারজায়ান্টসের বিরুদ্ধে ৩০ বলে শতরান করেছিলেন গেল। বুধবার ২৮ বলে ৯৭ রানে পৌঁছে গিয়েছিল বৈভব। কিন্তু পরের বলে ছক্কা মারতে গিয়ে আউট হয় সে। অল্পের জন্য রক্ষা পায় গেলের রেকর্ড।
বৈভব জানিয়েছে, গেলের রেকর্ডের কথা সে জানত না। ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে রাজস্থানের ব্যাটার বলে, “আমি ম্যাচের পর জানতে পারলাম। আমার লক্ষ্য ছিল ছক্কা মারা। ভবিষ্যতে আরও শতরান করব। কিন্তু এই ম্যাচে আমার একমাত্র লক্ষ্য ছিল দলের জন্য যত দ্রুত সম্ভব রান করা। আমি শুধু বোলারের বল দেখেছি আর শট মেরেছি। বোলারকে চাপে রাখার চেষ্টা করেছি। সেটা কাজে লেগেছে।”