পৃথ্বী শ। —ফাইল চিত্র।
অর্জুন তেন্ডুলকরের পর নতুন জীবনের পথে পা বাড়ালেন আরও এক ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের দিনই বান্ধবী আকৃতি আগরওয়ালের সঙ্গে বাগ্দান সেরে ফেললেন পৃথ্বী শ।
গত ৫ মার্চ আকৃতিকে সঙ্গে নিয়েই সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পৃথ্বী। সে দিনও তাঁর নতুন জীবন শুরুর পরিকল্পনার খবর পাওয়া যায়নি। তিন দিন পরই বাগ্দান সেরে ফেললেন ভারতীয় দলের ওপেনার। রবিবারের অনুষ্ঠানে দু’পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুরা উপস্থিত ছিলেন। ২০২৫ সালে প্রথম দু’জনের সম্পর্কের কথা জানা যায়। গণেশ চতুর্থ-সহ বেশ কিছু অনুষ্ঠানে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে।
(বাঁ দিকে) আকৃতি আগরওয়াল এবং পৃথ্বী শ (ডান দিকে)। বাগ্দানের অনুষ্ঠানে। ছবি: সংগৃহীত।
মুম্বইয়ের শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি আকৃতি। সচিন-কন্যা সারা তেন্ডুলকর এবং পৃথ্বীর বোনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব আকৃতির। বোনের মাধ্যমেই বান্ধবীর সঙ্গে আলাপ হয় পৃথ্বীর। সমাজমাধ্যমে অত্যন্ত পরিচিত মুখ আকৃতি। উল্লেখ্য, অর্জুনের স্ত্রী সানিয়া চন্দোক সম্পর্কে আকৃতির বোন হন। সানিয়াও ঘাইয়ের নাতনি। সেই হিসাবে সম্পর্কে অর্জুনের শ্যালিকা হন আকৃতি।
অর্জুনের মতো পৃথ্বীও এখন মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন না। গত দু’বছর শৃঙ্খলাভঙ্গ-সহ নানা অভিযোগ উঠেছে পৃথ্বীর বিরুদ্ধে। ঠিক মতো অনুশীলন না করা, ওজন নিয়ন্ত্রণে রাখতে না পারার মতো অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। খারাপ ফর্মের জন্য বাদ পড়েছেন মুম্বইয়ের রঞ্জি দল থেকেও। মুম্বইয়ের ক্রিকেটমহলে কোণঠাসা হয়ে পড়া পৃথ্বী এ বছর থেকে ঘরোয়া ক্রিকেট খেলছেন মহারাষ্ট্রের হয়ে। ক্রিকেটজীবনের কঠিন সময়েও পৃথ্বীর সঙ্গ ছাড়েননি আকৃতি।