IPL 2026

তিন ম্যাচে ২২ রান! বিশ্বকাপের নায়ক সঞ্জু এক মাসের মধ্যেই আইপিএলে কেন ব্যর্থ, জবাব দিলেন চেন্নাইয়ের কোচ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নায়ক ছিলেন সঞ্জু স্যামসন। সেই সঞ্জুই আইপিএলে রান পাচ্ছেন না। তাঁর ব্যর্থতা নিয়ে মুখ খুললেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৬:৪৬
Share:

আউট হয়ে ফিরে যাচ্ছেন সঞ্জু স্যামসন। ছবি: পিটিআই।

গত মাসেই তিনি ছিলেন ভারতীয় সমর্থকদের নয়নের মণি। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক। শেষ তিন ম্যাচে দলকে জিতিয়েছিল তাঁর ব্যাট। সেই সঞ্জু স্যামসনই আইপিএলে রান পাচ্ছেন না। তিন ম্যাচে মাত্র ২২ রান করেছেন তিনি। তাঁর ব্যর্থতা নিয়ে মুখ খুললেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং। সঞ্জুর পাশে দাঁড়িয়েছেন তিনি।

Advertisement

১১ বছর রাজস্থানে খেলে চেন্নাইয়ে গিয়েছেন সঞ্জু। ফ্লেমিংয়ের মতে, নতুন দলে মানিয়ে নিতে সময় লাগছে তাঁর। বেঙ্গালুরুর বিরুদ্ধে হারের পর সাংবাদিক বৈঠকে ফ্লেমিং বলেন, “একটা দলে এত বছর খেলার পর একটা নতুন দলে মানিয়ে নিতে সময় লাগে। সেই দলের সঙ্গে একাত্ম হতে সময় লাগে। সেই সময়টাই সঞ্জুর লাগছে। দলে পাঁচ-ছ’জন ক্রিকেটার বদল হয়েছে। এখনও থিতু হয়নি দল।”

ফ্লেমিং জানিয়েছেন, সঞ্জুর সঙ্গে খেলার বাইরেও সম্পর্ক তৈরির চেষ্টা করছে চেন্নাই। তিনি বলেন, “সব কিছু মাঠের মধ্যে হয় না। মাঠের বাইরেও কিছু হয়। আমরা সেই চেষ্টাই করছি। সঞ্জু ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে। ও রান করতে মুখিয়ে আছে। আমি জানি, দ্রুত ও রানে ফিরবে।”

Advertisement

এই প্রসঙ্গে বিশ্বকাপের উদাহরণই দিয়েছেন ফ্লেমিং। সেখানেও শুরুতে সঞ্জু সুযোগ পাননি। তাঁর ফর্ম খারাপ ছিল। কিন্তু দ্বিতীয় বার সুযোগ পাওয়ার পর আর তাঁকে থামানো যায়নি। ফ্লেমিং বলেন, “টি-টোয়েন্টিতে সময় বদলাতে বেশি ক্ষণ লাগে না। টি-টোয়েন্টি বিশ্বকাপেই সেটা দেখেছি। সঞ্জু কী ভাবে ফিরেছে। এক বার রান পেয়ে গেলে ওর থেকে ভয়ঙ্কর ব্যাটার খুব কম আছে। সেই বিশ্বাসটা ওর উপর রাখছি। ওর পাশে আমরা আছি।”

ফ্লেমিংয়ের কথা থেকে পরিষ্কার, এর পরেও সঞ্জু সুযোগ পাবেন। তাঁকে নিয়মিত খেলানো হবে। প্রথম তিন ম্যাচে রান না পেলেও চেন্নাই ম্যানেজমেন্টের ভরসা রয়েছে রাজস্থান থেকে আসা উইকেটরক্ষক-ব্যাটারের উপর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement