চিন্নাস্বামীর এই পিচ নিয়ে উঠছে প্রশ্ন। ছবি: এক্স।
কয়েক দিন আগেই হারের পর পিচকে দায়ী করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক রাহানে। এ বার আরও এক দলের ক্রিকেটার নিজেদের ঘরের মাঠের উইকেট নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন। কিন্তু ম্যাচ হেরে নয়, জিতে। আইপিএলে এই প্রথম বার কোনও ম্যাচে ২৫০ রান হজম করেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের বিরুদ্ধে এত রান করে ম্যাচ জিতেও পিচ নিয়ে সন্তুষ্ট নন বেঙ্গালুরুর ব্যাটার দেবদত্ত পডিক্কল।
২৫০ রান করলেও ইনিংসের শুরুটা খুব ভাল হয়নি বেঙ্গালুরুর। বিরাট কোহলির একটি ক্যাচ পড়ে। একটি রান আউটের সুযোগ নষ্ট হয়। শেষ পর্যন্ত ১৮ বলে ২৮ রান করে আউট হন কোহলি। আর এক ওপেনার ফিল সল্ট ৩০ বলে ৪৬ রান করেন। পাওয়ার প্লে-তে ৫১ রান করে বেঙ্গালুরু। পরের দিকে পডিক্কল, রজত পাটীদার ও টিম ডেভিডের ইনিংস দলের রান ২৫০ পর্যন্ত নিয়ে যায়।
পডিক্কলের মতে, চিন্নাস্বামীর উইকেট বদলে গিয়েছে। এখন আর শুরু থেকে হাত খুলে খেলা যায় না। ম্যাচ শেষে তিনি বলেন, “এ বার দেখছি, চিন্নাস্বামীতে শুরুর দিকে মিচ কিছুটা মন্থর থাকছে। গত বারেও কয়েকটি ম্যাচে শুরুতে সমস্যা হয়েছিল। উইকেটও পড়েছিল। এ বার শুরু থেকেই সেটা হচ্ছে। তাতে পিছিয়ে পড়ছি।”
এই ধরনের পিচে উইকেট ধরে রেখে শেষ দিকে মারার পরিকল্পনা করেছে বেঙ্গালুরু। পডিক্কল বলেন, “আমরা ঠিক করেছি, এই ধরনের পিচে শুরুতে উইকেট ধরে রেখে খেলতে হবে। সেটাই সকলের লক্ষ্য। ১০ ওভারের মধ্যে যাতে তিন বা চারটের বেশি উইকেট না পড়ে সেই চেষ্টা করছি। তার পর শেষ ১০ ওভারে রান তোলার চেষ্টা করছি।” চেন্নাইয়ের বিরুদ্ধেও সেটা দেখা গিয়েছে। শেষ পাঁচ ওভারে তারা ৯৭ রান করেছে। তার ফলে রান ২৫০ পর্যন্ত গিয়েছে।
এখনও পর্যন্ত যদিও বেঙ্গালুরুতে হওয়া দু’টি ম্যাচের চারটি ইনিংসেই ২০০ রানের বেশি হয়েছে। প্রথম ম্যাচে ২০১ রান করেও হেরেছে হায়দরাবাদ। ১৫.৪ ওভারে সেই রান তুলে নিয়েছেন কোহলিরা। দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুর করা ২৫০ রানের জবাবে চেন্নাই ২০৭ রান করেছে। তার পরেও পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পডিক্কল।