(বাঁ দিক থেকে) বিরাট কোহলি, লোকেশ রাহুল, বৈভব সূর্যবংশী এবং অভিষেক শর্মা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
কয়েক ঘণ্টার মধ্যে চার বার হাত বদল আইপিএলের কমলা টুপির। শনিবার এমনই মজার ঘটনার সাক্ষী থেকেছেন ক্রিকেটপ্রেমীরা। দিল্লি ক্যাপিটালস-পঞ্জাব কিংস ম্যাচের আগে কমলা তাজ ছিল বিরাট কোহলির মাথায়। দিনের শেষে মালিক অভিষেক শর্মা। মাঝে আরও দুই ক্রিকেটার অল্প সময়ের জন্য মাথায় পড়েছেন কমলা টুপি!
আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শনিবার সকালে এক নম্বরে ছিলেন কোহলি। দিনের শেষে তিনি কমলা টুপি জেতার দৌড়ে পাঁচ নম্বরে। দু’ম্যাচে চার জন তাঁকে টপকে গিয়েছেন। দিনের শুরুতে ৭ ম্যাচে ৩২৮ রান নিয়ে শীর্ষে ছিলেন কোহলি। দিনের প্রথম ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলে তাঁকে টপকে যান লোকেশ রাহুল। ওই ইনিংসের পর এ বারের আইপিএলে রাহুলের রান হয় ৩৫৭। কমলা টুপির মালিক হন দিল্লির ব্যাটার। তবে তাজ ধরে রাখতে পারেননি তিনি। ঘণ্টা তিনেক পরেই কমলা টুপির দখল নেয় বৈভব সূর্যবংশী। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১০৩ রানের ইনিংস খেলে শীর্ষে উঠে আসে ১৫ বছরের কিশোর। এই ইনিংসের পর এ বারের আইপিএলে বৈভবের রান হয় ৩৫৭। রাহুলের সঙ্গে রান সমান হলেও স্ট্রাইক রেটে এগিয়ে থাকায় শীর্ষে চলে আসে রাজস্থান রয়্যালসের ব্যাটার। কমলা টুপির মালিকানা হারান রাহুল।
দিনের শেষে বৈভবও আইপিএলের কমলা টুপি নিজের দখলে রাখতে পারেনি। ঘণ্টা দেড়েক পরই শীর্ষচ্যুত হতে হয় তাকে। রাজস্থানের বিরুদ্ধে ৫৭ রানের ইনিংস খেলে এত নম্বরে উঠে আসেন অভিষেক। এই ইনিংসের পর এ বারের আইপিএলে অভিষেকের মোট রান ৩৮০। শনিবারের শেষে কমলা টুপির দৌড়ে তিনিই সকলের আগে।
এর পর কোহলিকে টপকে গিয়েছেন হায়দরাবাদের হেনরিখ ক্লাসেনও। তিনি রাজস্থানের বিরুদ্ধে ২৯ রান করেছেন। এই ইনিংসের পর এ বারের আইপিএলে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের মোট রান ৩৪৯। কমলা টুপির দৌড়ে কোহলিকে পাঁচ নম্বরে ঠেলে চতুর্থ স্থানে উঠে এসেছেন ক্লাসেন।