Virat Kohli Returns India

বিশ্বকাপের মাঝে ভারতে এলেন কোহলি, বিমানবন্দরে নিজস্বীর ভিড়, হাসিমুখে ভক্তদের আবদার মেটালেন বিরাট

ভারতের মাটিতে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার মাঝেই লন্ডন থেকে দেশে ফিরলেন বিরাট কোহলি। তাঁকে দেখতে ভিড় জমল বিমানবন্দরে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৫
Share:

মুম্বই বিমানবন্দরে বিরাট কোহলি। ছবি: এক্স।

প্রায় এক মাস লন্ডনে কাটিয়ে আবার ভারতে ফিরলেন বিরাট কোহলি। এমন একটা সময় তিনি ফিরলেন যখন ভারতের মাটিতে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কোহলিকে দেখতে বিমানবন্দরে ভিড় জমল। হাসিমুখে ভক্তদের আবদার মেটালেন কোহলি। তুললেন নিজস্বী।

Advertisement

বৃহস্পতিবার মুম্বইয়ের বিমানবন্দরে নামেন কোহলি। তাঁর পরনে ছিল সাদা শার্ট, কালো ট্রাউজ়ার ও ধূসর জ্যাকেট। মাথায় ছিল নীল টুপি। কোহলির আসার খবর হয়তো আগেই বিমানবন্দরে চাউর হয়ে গিয়েছিল। তাই সেখানে আগে থেকেই বিমানবন্দরে ভিড় জমেছিল। যাত্রী থেকে শুরু করে বিমানবন্দরের কর্মী, অনেকেই কোহলির কাছে নিজস্বীর আবদার করেন। কাউকে খালি হাতে ফেরাননি কোহলি। প্রত্যেকের সঙ্গে নিজস্বী তোলেন। একটা সময় তাঁকে বলতে শোনা যায়, “কারা কারা ছবি তুলবে? লাইন করে দাঁড়াও। এক এক করে এসো।” ছবি তোলার পাশাপাশি সকলকে নিরাপত্তা নিয়েও পরামর্শ দেন কোহলি।

ভারতের হয়ে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ছোট ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন কোহলি। গত বছর অবসর নেন টেস্ট থেকেও। এখন ভারতের হয়ে শুধু এক দিনের ক্রিকেটই খেলেন তিনি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় খেলে লন্ডনে গিয়েছিলেন কোহলি। সেখানেই স্ত্রী অনুষ্কা শর্মা ও দুই সন্তানের সঙ্গে থাকেন তিনি। প্রায় এক মাস পর আবার ফিরলেন ভারতে।

Advertisement

আপাতত সামনে দেশের হয়ে খেলা নেই কোহলি। বিশ্বকাপ শেষ হলে মার্চ মাসে আইপিএল রয়েছে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত বারের চ্যাম্পিয়ন তাঁরা। কোহলিও হয়তো আইপিএলের প্রস্তুতির জন্যই ফিরলেন। অনেক দিন ছোট ফরম্যাটে খেলেননি তিনি। আইপিএলের আগে নিজেকে তৈরি রাখতে চান। সেই কারণে প্রতিযোগিতার অনেক আগেই দেশে ফিরলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement