নীতিন মেনন। —ফাইল চিত্র।
আউট নিয়ে বিতর্ক। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বিতর্কিত সিদ্ধান্তে শেষ হল এডেন মার্করামের ইনিংস। ড্যারেল মিচেল ঠিক মতো ক্যাচ ধরতে পেরেছেন কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও কয়েক বার রিপ্লে দেখার পর মার্করামকে আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার নীতীন মেনন।
ঘটনাটি দক্ষিণ আফ্রিকার ইনিংসের অষ্টম ওভারের। রাচিন রবীন্দ্রের বলে ছয় মারার চেষ্টা করেন মার্করাম। কিন্তু তাঁর টাইমিং ঠিক হয়নি। লং অনে ফিল্ডার ছিলেন মিচেল। তিনি খানিকটা এগিয়ে এসে সামনে ঝাঁপিয়ে ক্যাচ ধরার চেষ্টা করেন। মাঠের আম্পায়ার সিদ্ধান্ত না নিয়ে তৃতীয় আম্পায়ারের কাছে পাঠিয়ে দেন। কয়েক বার রিপ্লে দেখে মার্করামকে (২০ বলে ১৮) আউট দেন মেনন।
তাঁর এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কারণ রিপ্লেতে পরিষ্কার দেখা গিয়েছে, মিচেল তালুবন্দি করার আগে বল সামান্য লাফায়। বল মাটিতে পড়ে লাফিয়েছিল না মিচেলের আঙুলে পড়ে লাফিয়েছিল, তা টেলিভিশন রিপ্লেতে নিশ্চিত ভাবে বোঝা যায়নি। নিশ্চিত হতে পারেননি ধারাভাষ্যকারেরাও। তবে মেনন জানিয়ে দেন, বলের তলায় মিচেলের আঙুল ছিল। তাই মার্করাম আউট। দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে অবশ্য বিস্মিত মনে হয়নি আউট হওয়ার পর। যদিও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবীরা বিস্মিত হয়েছেন। তাঁদের বিস্ময় ধরা পড়েছে টেলিভিশনের ক্যামেরাতেও।
স্বভাবতই বুধবার ইডেন গার্ডেন্সে ভারতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন এবং বিতর্ক। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার সেমিফাইনালে এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে আম্পায়ারদের আরও নিশ্চিত হওয়া উচিত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ।