India vs Afghanistan

আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দলে বদল, কোহলির জায়গায় বাঁহাতি ব্যাটার, রোহিতের খেলা নিয়েও সংশয়

আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দলে বদল, কোহলির জায়গায় বাঁহাতি ব্যাটার, রোহিতের খেলা নিয়েও সংশয়

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১৬:৪৮
Share:

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং রোহিত শর্মা (ডান দিকে)। —ফাইল চিত্র।

আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দল থেকে বাদ পড়লেন বিরাট কোহলি। হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে কোহলির। শোনা যাচ্ছিল তাঁর বদলে দলে আসবেন রুতুরাজ গায়কোয়াড়। শেষ পর্যন্ত কোহলির পরিবর্তে এক দিনের দলে নেওয়া হল যশস্বী জয়সওয়ালকে। দলে থাকলেও অনিশ্চয়তা রয়েছে রোহিত শর্মার ফিটনেস নিয়ে।

Advertisement

ভারত-আফগানিস্তান তিনটি এক দিনের ম্যাচ হবে ১৩, ১৭ এবং ২০ জুন। ধর্মশালা, লখনউ এবং চেন্নাইয়ে হবে খেলাগুলি। আইপিএল ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলার সময় কোহলির হ্যামস্ট্রিয়ংয়ে টান ধরে। তাই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এখনও পর্যন্ত যশস্বী চারটি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা শেষ এক দিনের ম্যাচে খেলেন ১১৬ রানের অপরাজিত ইনিংস।

এ নিয়ে প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছেন, ‘‘আইপিএল ফাইনালের পর এক সপ্তাহও হয়নি। কোহলির চোট এক দ্রুত ঠিক হওয়া সম্ভব নয়। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। সম্পূর্ণ ফিট হতে কত দিন লাগবে, এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তাই আফগানিস্তান সিরিজ়ের জন্য যশস্বীকে দলে নেওয়া হয়েছে। আশা করছি জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের আগে কোহলি পুরো ফিট হয়ে যাবে। যদিও নিশ্চিত করে বলা ঠিক নয়। ফিজিয়োর রিপোর্ট পাওয়ার পর কিছুটা আন্দাজ পাব।’’

Advertisement

ফিটনেস নিয়ে প্রশ্ন থাকলেও দলে রয়েছেন রোহিত শর্মা। তাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ শইকীয়া বলেছেন, ‘‘দু’তিন দিনের মধ্যে রোহিতের বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে যাওয়ার কথা। চোট পাওয়া প্রত্যেক ক্রিকেটারকে সুস্থ করে তোলার জন্য নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে আমাদের। সেন্টার অফ এক্সেলেন্সের বিশেষজ্ঞেরা ছাড়পত্র দিলে তবে মাঠে নামার অনুমতি দেয় বোর্ডের টেকনিক্যাল কমিটি। আমরা সেন্টার অফ এক্সেলেন্সের ছাড়পত্রের অপেক্ষায় আছি।’’

ভারতের এক দিনের দল: শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল,শ্রেয়স আয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ঈশান কিশন (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, প্রিন্স যাদব, গুরনুর ব্রার, হর্ষ দুবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement