গত বারের আইপিএল জয়ী দল বিরাট কোহলির আরসিবি। —ফাইল চিত্র।
আইপিএল কবে শুরু হবে তা নিয়ে কয়েকটি তারিখ প্রকাশ্যে এলেও নির্দিষ্ট দিন জানা যাচ্ছিল না। অবশেষে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দিন সেই তারিখ জানা গিয়েছে। আগামী ২৮ মার্চ থেকে শুরু প্রতিযোগিতা। এই ঘোষণা করেছে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস।
প্রথমে জানা গিয়েছিল ২৬ মার্চ থেকে শুরু হবে প্রতিযোগিতা। কিন্তু তা দু’দিন পিছিয়ে দেওয়া হয়েছে। আইপিএল শুরুর দিন জানিয়ে দেওয়া হলেও প্রতিযোগিতার সূচি এখনও জানা যায়নি। জানা গিয়েছিল, ৬ বা ৭ মার্চ সূচি জানানো হবে। কিন্তু তা এখনও প্রকাশ্যে আসেনি। আগামী সপ্তাহে আইপিএলের সূচি ঘোষণা করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।
চলতি বছর পশ্চিমবঙ্গ, অসম ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন রয়েছে। এই তিনটি রাজ্যেই আইপিএলের ম্যাচ হয়। কলকাতা কেকেআরের ও চেন্নাই সিএসকে-র ঘরের মাঠ। পাশাপাশি অসমের গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের কয়েকটি ঘরের ম্যাচ হয়। সেই কারণেই সময় নিচ্ছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। জাতীয় নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে তারা। একবার ভোটের দিন জানিয়ে দিলেই বাকি সূচি তৈরি হয়ে যাবে। আইপিএলের ১০ দলকে তা জানিয়েও দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, প্রথম ম্যাচে খেলতে নামবে গত বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চিন্নাস্বামীতেই হবে সেই প্রতিযোগিতা। তবে প্রথম ম্যাচে বিরাট কোহলিদের মুখোমুখি কারা, তা এখনও জানা যায়নি। গত বার আইপিএল জেতার পর বেঙ্গালুরুতে ফিরে উল্লাসে মেতেছিলেন কোহলিরা। সেই উল্লাসেই চিন্নাস্বামীর বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হওয়ায় দীর্ঘ দিন চিন্নাস্বামীতে ক্রিকেট বন্ধ ছিল। বেশ কিছু সংস্কার করা হয়েছে মাঠে। তার পরেই জানানো হয়েছে, সেখানেই উদ্বোধনী ম্যাচ খেলবে বেঙ্গালুরু। তবে সাতটি ঘরের ম্যাচের মধ্যে পাঁচটি সেই মাঠে খেলতে তারা। বাকি দু’টি ম্যাচ হবে রায়পুরে।