IPL 2026

কোহলির সঙ্গে করমর্দন বিতর্ক নিয়ে সরব হেডের স্ত্রী, খারাপ অভিজ্ঞতার কথা জানালেন জেসিকা

২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ ফাইনাল এবং সে বছর টেস্ট বিশ্বকাপ ফাইনালের পরও এমন অভিজ্ঞতা হয়েছিল ট্র্যাভিস হেড এবং জেসিকার। নানা হুমকি এবং কুরুচিকর আক্রমণের শিকার হয়েছিলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৮:১৮
Share:

জেসিকা হেড এবং ট্র্যাভিস হেড। ছবি: এক্স।

করমর্দন বিতর্কে বিরাট কোহলির একাংশ ভক্তের আচরণে হতাশ ট্র্যাভিস হেডের স্ত্রী জেসিকা হেড। গত ২২ মে আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে কথা কাটাকাটি হয় কোহলি এবং হেডের। খেলা শেষ হওয়ার পর হায়দরাবাদের অন্য ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করলেও হেডকে এড়িয়ে যান কোহলি। যা নিয়ে তৈরি হয় বিতর্ক। সেই ঘটনার পরের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জেসিকা।

Advertisement

বিতর্ক নিয়ে কোহলি বা হেড কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে ক্রিকেটপ্রেমীদের একাংশ সমাজমাধ্যমে বিতর্কের মধ্যে টেনে আনেন জেসিকাকে। কোহলি-ভক্তদের একাংশ কটূক্তি করেন। অনেকে হেড এবং তাঁর স্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেন। কেউ কেউ হুমকিও দেন। এর পর মুখ খুলেছেন জেসিকা। তিনি অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘বিশ্বকাপের পর যে রকম হয়রানি করা হয়েছিল, এটা তেমনই একটা ঘটনা। সকালে উঠে দেখলাম আমার সমাজমাধ্যমের ইনবক্স ভরে গিয়েছে। নানা রকম আক্রমণ করা হয়েছে। আমরা ভাল আছি। কিন্তু এখন আমার বন্ধু এবং তাঁর পরিবারকেও আক্রমণ করা হচ্ছে।’’

জেসিকা আরও বলেছেন, ‘‘খেলাধুলায় আবেগ থাকবেই। কিন্তু মনে রাখতে হবে, মাঠের বাইরে আমরা সকলে মানুষ। আমাদের পরিবার রয়েছে। মানসিক স্বাস্থ্য এবং পারস্পরিক সম্মানের মতো বিষয়গুলো গুরুত্ব দিয়ে ভাবা উচিত। আশা করব, মানুষ আরও সহানুভূতিশীল হবে।’’

Advertisement

এমন ঘটনা নতুন নয়। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ ফাইনাল এবং সে বছর টেস্ট বিশ্বকাপ ফাইনালের পরও এমন অভিজ্ঞতা হয়েছিল হেড এবং জেসিকার। নানা হুমকি এবং কুরুচিকর আক্রমণের শিকার হয়েছিলেন তাঁরা। ২০২৪ সালের বক্সিং ডে টেস্টের পরও এমন ঘটে। সে কথা মনে করিয়ে দিয়েছেন জেসিকা। বার বার এমন ঘটনায় ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একাংশের মানসিকতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement