ICC T20 World Cup 2026

পাকিস্তানের হারের পরেই আক্রমণ সলমনের স্ত্রী-সন্তানকে, পাল্টা জবাব দিয়েও সমাজমাধ্যমের পোস্ট মুছে দিলেন পাক অধিনায়কের স্ত্রী

মঙ্গলবার সুপার এইটে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছে পাকিস্তান। ম্যাচের পর পাকিস্তানের অধিনায়ক সলমন আঘার স্ত্রী এবং সন্তানকে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন সমর্থকেরা। তার জবাব দিয়েও সেই পোস্ট মুছে দিলেন সলমনের স্ত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৮
Share:

স্ত্রী, সন্তানের সঙ্গে সলমন আঘা (বাঁ দিকে)। — ফাইল চিত্র।

মঙ্গলবার সুপার এইটে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছে পাকিস্তান। ফলে সেমিফাইনালে ওঠার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে তারা। ম্যাচের পর পাকিস্তানের অধিনায়ক সলমন আঘার স্ত্রী এবং সন্তানকে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন সমর্থকেরা। তার জবাব দিয়েও সেই পোস্ট মুছে দিলেন সলমনের স্ত্রী।

Advertisement

ইংল্যান্ড ম্যাচে সলমনের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। সলমন নিজে রানও পাননি। ম্যাচের পর সমর্থকেরা ক্ষোভ চেপে রাখতে পারেননি। সমাজমাধ্যমে সলমনের স্ত্রী সাবা মানজ়েরের বিভিন্ন পোস্টে গিয়ে তাঁকে এবং সন্তানকে কুরুচিকর ভাষায় আক্রমণ করতে থাকেন সমর্থকেরা। কেউ কেউ খুনের হুমকিও দেন।

বুধবার সাবা সমাজমাধ্যমের স্টোরিতে লেখেন, “পাকিস্তানের সমর্থকদের বলছি, আমাকে এবং আমার নিরীহ সন্তানকে আক্রমণ করলে আপনাদের বিশ্বকাপ জেতার ব্যাপারে কোনও লাভ হবে না।” কিছু ক্ষণ পর অবশ্য নিজের স্টোরি মুছে দেন সাবা। নিজের অ্যাকাউন্টের ধরন বদলে ‘প্রাইভেট’ করে দেন।

Advertisement

মঙ্গলবার রাতে হ্যারি ব্রুকের শতরানে জেতে ইংল্যান্ড। ম্যাচের পর সলমন বলেন, “আমরা ব্যাটিংয়ের শুরুটা ভালই করেছিলাম। কিন্তু শেষটা ঠিকঠাক করতে পারিনি। কখনও সখনও বিপক্ষের ব্যাটারদেরও কৃতিত্ব দিতে হয়। হ্যারি দুর্দান্ত ব্যাট করেছে। আমাদের রানও বেশ কম ছিল। হ্যারি একাই আমাদের হাত থেকে ম্যাচটা ছিনিয়ে নিল। আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম ওকে আউট করার।”

সাহিবজ়াদা ফারহানের লড়াকু ইনিংস দাম পায়নি। সতীর্থকে নিয়ে সলমন বলেছেন, “গোটা বিশ্বকাপে ও দুর্দান্ত ব্যাট করছে। তবে বাকিরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারি। বিশ্বকাপে অবশ্য এমনটা হতেই পারে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement