WTC 2025-27

ইংল্যান্ডের কাছে হেরে নীচে নামল নিউ জ়িল্যান্ড! টেস্ট বিশ্বকাপের পয়েন্ট তালিকায় কোথায় ভারত, পাকিস্তান

ইংল্যান্ডের কাছে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নীচে নেমেছে নিউ জ়িল্যান্ড। এই ম্যাচের প্রভাব কি ভারত ও পাকিস্তানের উপর পড়েছে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১২:৫৭
Share:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি। —ফাইল চিত্র।

লর্ডসে ধাক্কা খেয়েছে নিউ জ়িল্যান্ড। ইংল্যান্ডের কাছে ১১৫ রানে হেরেছে তারা। এই হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নীচে নেমেছে নিউ জ়িল্যান্ড। এই ম্যাচের প্রভাব কি ভারত ও পাকিস্তানের উপর পড়েছে? এক নজরে দেখে নেওয়া যাক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা।

Advertisement

পয়েন্ট নয়, পয়েন্টের শতাংশের বিচারে ঠিক হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা। এই শতাংশের বিচারেই ঠিক হয়, কোন দুই দল ফাইনাল খেলবে। পয়েন্ট তালিকায় সকলের উপরে অস্ট্রেলিয়া। আট টেস্টের মধ্যে সাতটি জিতেছে তারা। একটি হেরেছে। ৮৪ পয়েন্ট ও ৮৭.৫০ পয়েন্টের শতাংশ নিয়ে এক নম্বরে অস্ট্রেলিয়া।

দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। চারটি টেস্টের মধ্যে তিনটি জিতেছে তারা। হেরেছে একটি। ৩৬ পয়েন্ট ও ৭৫ পয়েন্টের শতাংশ নিয়ে দু’নম্বরে গত বারের চ্যাম্পিয়নেরা। শ্রীলঙ্কা রয়েছে তিন নম্বরে। দু’ম্যাচের মধ্যে তারা একটি জিতেছে ও একটি ড্র করেছে। তাদের পয়েন্ট ১৬। পয়েন্টের শতাংশ ৬৬.৬৭।

Advertisement

ইংল্যান্ডের কাছে হেরে দুই থেকে চার নম্বরে নেমেছে নিউ জ়িল্যান্ড। চার ম্যাচের মধ্যে তারা দু’টি জিতেছে, একটি ড্র করেছে ও একটি হেরেছে। তাদের পয়েন্ট ২৮। পয়েন্টের শতাংশ ৫৮.৩৩। পাকিস্তানকে ঘরের মাটিতে চুনকাম করে বাংলাদেশ পাঁচ নম্বরে। নিউ জ়িল্যান্ডের মতোই তারা চার ম্যাচের মধ্যে তারা দু’টি জিতেছে, একটি ড্র করেছে ও একটি হেরেছে। তাদের পয়েন্ট ২৮। পয়েন্টের শতাংশ ৫৮.৩৩।

ছ’নম্বরে রয়েছে ভারত। সবচেয়ে বেশি ন’টি টেস্ট খেলেছে তারা। জিতেছে চারটি টেস্ট। হেরেছে চারটি টেস্ট। একটি টেস্ট ড্র হয়েছে। শুভমন গিলদের পয়েন্ট ৫২। তাঁদের পয়েন্টের শতাংশ ৪৮.১৫। ইংল্যান্ড রয়েছে সাত নম্বরে। ১১ ম্যাচ খেলে চারটি জিতেছে তারা। হেরেছে ছ’টি। একটি টেস্ট ড্র করেছে। তাদের পয়েন্ট ৫০। পয়েন্টের শতাংশ ৩৭.৮৮। এই পরিস্থিতি থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা কঠিন। তার জন্য আগামী সব ক’টি সিরিজ়ে ভাল খেলতে হবে ভারতকে।

আট নম্বরে রয়েছে পাকিস্তান। অর্থাৎ, শেষ থেকে দু’নম্বরে। চারটি টেস্টের মধ্যে তারা একটি জিতেছে। তিনটি হেরেছে। পাকিস্তানের পয়েন্ট ৪। তাদের পয়েন্টের শতাংশ ৮.৩৩। সকলের শেষে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। আট ম্যাচের মধ্যে একটিও জিততে পারেনি তারা। সাতটি হেরেছে। একটি টেস্ট ড্র করেছে। ৪ পয়েন্ট ও ৪.১৭ পয়েন্টের শতাংশ নিয়ে সকলের শেষে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement