ICC T20 World Cup 2026

অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকেও হারাল জ়িম্বাবোয়ে! আত্মবিশ্বাস বাড়িয়ে ভারতের বিরুদ্ধে খেলতে নামবেন সিকন্দরেরা

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় চমক দেখাচ্ছে জ়িম্বাবোয়ে। অস্ট্রেলিয়ার পর এ বার শ্রীলঙ্কাকেও হারিয়ে দিল তারা। ফলে গ্রুপ শীর্ষে শেষ করলেন সিকন্দর রাজারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৯
Share:

সিকন্দর রাজার উল্লাস। ছবি: পিটিআই।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁদের জয় যে কাকতালীয় নয়, তা প্রমাণ করে দিল জ়িম্বাবোয়ে। এ বার শ্রীলঙ্কাকেও হারিয়ে দিল তারা। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল ফর্মে রয়েছে শ্রীলঙ্কা। তাদের হারানো সহজ নয়। সেই কাজটাই করে দেখালেন সিকন্দর রাজারা। যে গ্রুপে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দল রয়েছে, সেই গ্রুপের শীর্ষে শেষ করল জ়িম্বাবোয়ে। সুপার এইটে ভারতের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিল তারা।

Advertisement

কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে পরে ব্যাট করা কঠিন। চলতি বিশ্বকাপে সেখানে এর আগে চারটি ম্যাচেই প্রথমে ব্যাট করা দল জিতেছে। সেই তালিকায় ভারত-পাকিস্তান ম্যাচও রয়েছে। সেই মাঠেই রান তাড়া করে জিতল জ়িম্বাবোয়ে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করেছিল শ্রীলঙ্কা। তিন বল বাকি থাকতে ৬ উইকেটে জিতল জ়িম্বাবোয়ে। টি-টোয়েন্টিতে এটি তাদের দ্বিতীয় সর্বাধিক রান তাড়া করে জয়।

প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরুটা ভাল করেছিল। আগের ম্যাচে শতরানের পর এই ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেললেন পাথুম নিসঙ্ক। ওপেনিং জুটিতে কুশল পেরেরার সঙ্গে মিল ৫ ওভারে ৫৪ রান করেন তিনি। ২২ রান করে আউট হন পেরেরা। আগের ম্যাচে ভাল খেলা কুশল মেন্ডিস (১৪) রান পাননি। ৪১ বলে ৬৮ রান করে নিসঙ্ক আউট হলে কিছুটা চাপে পড়ে শ্রীলঙ্কা।

Advertisement

নিসঙ্ক আউট হওয়ার পর শ্রীলঙ্কার ইনিংস একাই টানলেন পবন রথনায়কে। তিনি হাত খুলে খেললেও বাকিরা তাঁকে সঙ্গ দিতে পারেননি। শেষ দিকে পর পর উইকেট পড়তে থাকে। রথনায়কে ২৫ বলে ৪৪ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করে শ্রীলঙ্কা।

জবাবে জ়িম্বাবোয়ের ইনিংসের শুরুটাও ভাল হয়েছিল। দুই ওপেনার ব্রায়ান বেনেট ও মারুমানি ভাল খেলছিলেন। ঝুঁকি নিচ্ছিলেন না তাঁরা। তবে রান তোলার গতি খুব বেশি ছিল না। ৩৪ রানে আউট হন মারুমানি। তিন নম্বরে নেমে রান তোলার গতি বাড়ান রায়ান বার্ল। ১২ বলে ২৩ রান করে আউট হন তিনি।

জ়িম্বাবোয়েকে জয়ের কাছে নিয়ে যান বেনেট ও সিকন্দর রাজা। অধিনায়কের ইনিংস খেললেন সিকন্দর। ২৬ বলে ৪৫ রান করেন তিনি। তিনি যখন আউট হন, তত ক্ষণে জ়িম্বাবোয়ে জয়ের কাছে পৌঁছে গিয়েছে। শেষ পর্যন্ত তিন বল বাকি থাকতে ৬ উইকেটে জিতে যায় তারা। ৪৮ বলে ৬৩ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বেনেট।

এই জয় বুঝিয়ে দিচ্ছে, জ়িম্বাবোয়েকে হালকা ভাবে নিলে প্রতিপক্ষকে ভুগতে হবে। অস্ট্রেলিয়াকে সরিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে জ়িম্বাবোয়ে। ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ের মাটিতে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে তারা। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের সব ম্যাচ শ্রীলঙ্কার মাটিতে খেলেছে জ়িম্বাবোয়ে। তবে সুপার এইটে ভারতে এসে খেলতে হবে তাদের। দেশ বদলালেও তাদের হারাতে গেলে প্রতিপক্ষকে যে নিজের সেরা খেলা খেলতে হবে তা স্পষ্ট করে দিয়েছে জ়িম্বাবোয়ে।

ইটালিকে হারাল ওয়েস্ট ইন্ডিজ়

বৃহস্পতিবার সকালের খেলায় জিতেছে ওয়েস্ট ইন্ডিজ়। অর্থাৎ, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো তারাও চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল। ইডেন গার্ডেন্সে ইটালির বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ়। অধিনায়ক শাই হোপ ৪৬ বলে ৭৫ রানের ইনিংস খেলেন। জবাবে ১৮ ওভারে ১২৩ রানে অল আউট হয়ে যায় ইটালি। ৪২ রানে জেতে ওয়েস্ট ইন্ডিজ়। বল হাতে নায়ক শামার জোসেফ। চার ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। চার ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন ম্যাথু ফোর্ডে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement